বিকল ট্রান্সফরমার সচল হয়নি ১৬ দিনেও
হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ায় চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। ঈদুল আজহার দিন স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। স্বাস্থ্য বিভাগের নিজস্ব ট্রান্সফরমার হওয়ায় বিদ্যুৎ বিভাগ এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না বলে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমারটি হঠাৎ নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহারের কারণে ট্রান্সফরমারটি নষ্ট হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের ট্রান্সফরমার হওয়ায় বিদ্যুৎ বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ট্রান্সফরমারসহ যাবতীয় বৈদ্যুতিক কার্যক্রম রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দীন জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রোগীদের ভোগান্তি ছাড়াও কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক কর্মকর্তা-কর্মচারীরা রাতে আতঙ্কের মধ্যে রাত কাটান। তা ছাড়া বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করতে না পারায় কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। ট্রান্সফরমারটি সচল করার ব্যাপারে হাটহাজারী পিডিবির নির্বাহী প্রকৌশলী আকত আলী বলেন, ‘আসলে ট্রান্সফরমারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব। তাদের নিজস্ব খরচে বিকল ট্রান্সফরমারটি সচল করতে হবে।’ চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান জানান, ট্রান্সফরমার প্রতিস্থাপনের ব্যাপারে যাবতীয় আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অচিরেই ট্রান্সফরমার সংযোজিত হবে।