বিকল ডেমু সচল করলেন দেশীয় প্রকৌশলীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিন বিকল হওয়ার কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে ডেমু ট্রেনের চলাচল আবার শুরু হচ্ছে। চীনের প্রকৌশলীদের আসতে দেরি হওয়ায় দেশীয় প্রকৌশলীরাই চেষ্টা চালিয়ে ডেমু ট্রেনটি মেরামত করতে সক্ষম হয়েছেন।
২৫ অক্টোবর বিকেলে এ দুটি রেলপথে চলাচলকারী ডেমু ট্রেন দুটির চারটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। গত বুধবার পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ও ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপের প্রকৌশলীরা দিন-রাত চেষ্টার পর বিকল হয়ে যাওয়া ১৩ নম্বর ডেমু ট্রেনের দুটি ইঞ্জিন চালু করতে সক্ষম হন। এরপর বৃহস্পতিবার থেকে আবার ডেমু ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি চীন থেকে বহুল আলোচিত ২০ সেট ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন আমদানি করা হয়। এর মধ্যে দুই সেট ডেমু ট্রেন গত ২৭ আগস্ট পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও রেলপথে কমিউটার-১ ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে কমিউটার-২ নামে চলাচল শুরু করে।
লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এস এম মুরাদ বলেন, ডেমু ট্রেনের বিশেষায়িত ইঞ্জিনগুলো দেশীয় প্রকৌশলীদের দ্বারা মেরামত করা সম্ভব না হওয়ায় নির্মাতা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ প্রকৌশলীদের দিয়ে সেগুলো মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়। ডেমু ক্রয় চুক্তির শর্ত হিসেবে ক্রয়-পরবর্তী দুই বছর পর্যন্ত চীনা নির্মাতা প্রতিষ্ঠান তাংশান রেলওয়ে ভেহিক্যাল কোম্পানি লিমিটেডের প্রকৌশলীরা যাবতীয় সার্ভিসিং সুবিধা প্রদান করবে।
পার্বতীপুর ডিজেল লোকোমোটিভ কারখানার ব্যবস্থাপক (কর্ম) জয়দুল ইসলাম জানান, চীনা প্রতিষ্ঠানের তিন সদস্যের বিশেষজ্ঞ প্রকৌশলীরা আসতে দেরি করায় গত মঙ্গল ও বুধবার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহীর তত্ত্বাবধানে কারখানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী নাসিম রেজওয়ান ও পার্বতীপুর ডিজেল শেডের ইনচার্জ কমল কৃষ্ণ গোস্বামী বিকল হওয়া ১৩ নম্বর ডেমু ট্রেনটির ইঞ্জিন মেরামতের চেষ্টা চালান। একপর্যায়ে তাঁরা ইঞ্জিনটির কম্প্রেসারের মূল ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট পুড়ে যাওয়ার বিষয়টি চিহ্নিত করেন। পরে ১৪ নম্বর ডেমু ট্রেনের ইঞ্জিন থেকে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট খুলে এনে ১৩ নম্বরের ট্রেনের ইঞ্জিনে লাগিয়ে সেটি চালু করেন।
কমল কৃষ্ণ গোস্বামী জানান, ১৪ নম্বর ডেমু ট্রেনটিরও ইঞ্জিন মেরামতের কাজ চলছে। আগামী শুক্রবার তিন সদস্যের চীনা বিশেষজ্ঞ দল পার্বতীপুর আসছে। এর মধ্যে ট্রেনটির ইঞ্জিন চালু করা সম্ভব না হলে চীনা বিশেষজ্ঞরা সেটি মেরামত করবে।