বিকল নৌকায় সাগরে ৪ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পর বিকল হয়ে যায় এফবি মালেক শাহ নামের একটি নৌকার ইঞ্জিন। এরপর চট্টগ্রামের আনোয়ারার ১৩ জন মাঝিমাল্লাসহ নৌকাটি ভাসতে ভাসতে চলে যায় গভীর সাগরে। চার দিন পর আরেকটি নৌকার মাঝিরা ওই নৌকার মাঝিমাল্লাদের উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর গত ৩ নভেম্বর আনোয়ারার রায়পুরের পূর্ব গহিরা এলাকা থেকে এফবি মালেক শাহ নামের নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান ১৩ মাঝিমাল্লা। গত শুক্রবার নৌকার ইঞ্জিন বিকল হয়। নৌকাটি ভাসতে ভাসতে গভীর সাগরের দিকে চলে যায়। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এফবি মালেক শাহ নৌকার অংশীদার মো. ইব্রাহীম বলেন, গতকাল মঙ্গলবার সকালে মাঝিমাল্লারা ফোন করে জানান, ইঞ্জিন বিকল হওয়ায় শুক্রবার রাত থেকে তাঁরা গভীর সাগরে নৌকায় ভাসছিলেন। ভোরে কক্সবাজারের একটি নৌকার মাঝিমাল্লারা তাঁদের দেখতে পান।
ইব্রাহীমের ভাই আমিন শরীফ জানান, উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের আনতে দুপুরে একটি নৌকা আনোয়ারা থেকে কক্সবাজার উপকূলে যায়। পরে উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের নিয়ে নৌকাটি আনোয়ারার উদ্দেশে যাত্রা করে।