বিকল যন্ত্র, অচল চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই মেশিন, মেমোগ্রাফি ও উন্নত এক্স-রে মেশিন প্রায় দুই বছর ধরে বিকল পড়ে আছে। হাসপাতালের শয্যার সংখ্যা ৫০০ তে উন্নীত করা হলেও লোকবল বাড়ানো হয়নি। রয়েছে দালাল ও বহিরাগত লোকজনের দৌরাত্ম্য। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজে ১৯৯২ সালের ১১ জানুয়ারি ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল চালু হয়। পরে এটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রূপ নেয়। ২০০৯ সালে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২০ জানুয়ারি হাসপাতালের তত্ত্বাবধায়ক এম খুরশীদ আলম কেন্দ্রীয় ওষুধাগারের ভান্ডার ও সরবরাহ বিভাগের পরিচালকের কাছে একটি চিঠি লেখেন। এতে তিনি রেডিওলজি বিভাগের এমআরআই মেশিন, মেমোগ্রাফি মেশিন ও ৫০০ এমএ এক্স-রে মেশিনটি জরুরি ভিত্তিতে মেরামত করার কথা উল্লেখ করেন। চিঠিতে তিনি জানান, ৫০০ এমএ এক্স-রে মেশিনটি অচল থাকায় পুরাতন ৩০০ এমএ এক্স-রে মেশিন দিয়ে চিকিৎসাসেবার কাজ চালাতে হচ্ছে। পুরাতন এই মেশিন যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এখানে দরকার ডিজিটাল এক্স-রে মেশিন। ওই তত্ত্বাবধায়ক গত ২১ মার্চ একই পরিচালক বরাবর হাসপাতালের সিটিস্ক্যান মেশিন মেরামত ও সার্ভিসিং করার জন্য চিঠি দেন। কিন্তু এরও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সব মিলিয়ে হাসপাতালের প্রায় ১০ কোটি টাকার যন্ত্রপাতি অচল পড়ে আছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মোস্তফা কামাল আজাদ প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ২৭ আগস্ট এমআরআই মেশিন স্থাপন করা হয়। ২০০৯ সালে মেশিনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ২০১০ সালের ৬ মে এটি মেরামত করা হয়। একই বছরের ২৪ জুন সেটি চালু করা হলেও ৩ জুলাই আবার বিকল হয়ে যায়। এরপর থেকে যন্ত্রটি অচল পড়ে আছে। তিনি আরও জানান, ২০০৬ সালে হাসপাতালের রেডিওলজি বিভাগে সিটিস্ক্যান মেশিন স্থাপন করা হয়। এরপর থেকে মেশিনটি সার্ভিসিং করা হয়নি। সিটিস্ক্যানের চাপ বাড়ায় একপর্যায়ে এটি বন্ধ হয়ে যায়। এটি দিয়ে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণসংখ্যক সিটিস্ক্যান করা হয়েছে।হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ৫০০ শয্যার হাসপাতালে মোট ৯০০টি পদ থাকার কথা। কিন্তু এখানে রয়েছে ৫৫৩টি। প্রথম শ্রেণীর ১৩৬টি পদের ১৯টিই খালি। দ্বিতীয় শ্রেণীর একমাত্র পথ্যবিদ্যাবিদের (ডায়াটেশিয়ান) পদটি দেড় বছর ধরে শূন্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৭৭টি পদের মধ্যে ৩৮টি শূন্য। নার্সের ১৭৪টির মধ্যে ১৫টি খালি। হাসপাতালে পরিচালক নেই। উপপরিচালকের দায়িত্ব পালন করছেন তত্ত্বাবধায়ক। সহকারী পরিচালক রয়েছেন দুই মাসের ছুটিতে। আবাসিক চিকিৎসক ও রেজিস্ট্রারের বেশ কয়েকটি পদ শূন্য। এদিকে হাসপাতালে দালাল ও বহিরাগতদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। কুচাইতলী গ্রাম ও এর আশপাশের কয়েকটি গ্রামের মাদকাসক্ত ব্যক্তিরা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত পরমাণু চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালের সম্প্রসারিত ভবনের সামনে গাঁজা, ফেনসিডিলের আসর বসায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম খুরশীদ আলম বলেন, ‘মূল্যবান যন্ত্রগুলো দীর্ঘদিন যাবত অচল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনো ফল হয়নি। আইন প্রয়োগকারী সংস্থা আরও তৎপরতা দেখালে হাসপাতালটি দালালমুক্ত করা যাবে।’হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘মোবাইল টিমের মাধ্যমে দালালদের উৎখাত করতে বলা হয়েছে। অচল যন্ত্রপাতিগুলো সচল করার চেষ্টা আমরা করছি।’