বিকল যন্ত্রপাতি, অচল সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস ধরে বিকল হয়ে থাকা সিটিস্ক্যান যন্ত্র। ছবিটি বুধবার তোলা l ছবি: প্রথম আলো
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস ধরে বিকল হয়ে থাকা সিটিস্ক্যান যন্ত্র। ছবিটি বুধবার তোলা l ছবি: প্রথম আলো

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান, এক্স-রে, ইসিজিসহ অধিকাংশ যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে। এ কারণে এখানে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি তাদের অতিরিক্ত টাকা খরচ করে বাইরে গিয়ে সেবা নিতে হচ্ছে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৬ সালে হাসপাতালের রেডিওলজি বিভাগে একটি সিটিস্ক্যান যন্ত্র স্থাপন করা হয়। গত ২০ আগস্ট সেটি নষ্ট হয়ে যায়। এ কারণে রোগীদের বাইরে থেকে তিন হাজার ৬০০ টাকা দিয়ে সিটিস্ক্যান করাতে হচ্ছে। এটি সচল থাকলে দুই হাজার টাকায় রোগীরা এই সেবা পেত। ২০১২ সালে হাসপাতালের দুটি এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে যায়। এ অবস্থায় ৩০০ টাকা দিয়ে বাইরে থেকে রোগীদের এক্স-রে করাতে হচ্ছে। এগুলো সচল থাকলে মাত্র ৮০ টাকায় ওই কাজ করা সম্ভব হতো।
একাধিক চিকিৎসক জানান, ১৯৯২ সালের ১১ জানুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজের অধিভুক্ত কুমিল্লার ২৫০ শয্যা আধুনিক হাসপাতাল চালু হয়। পরে এটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত করা হয়। ২০০৯ সালের ২১ জানুয়ারি হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। ২০১০ সালের ১১ মার্চ জনবল বাড়ানো হয়। কিন্তু সেভাবে যন্ত্রপাতি বাড়ানো হয়নি।
বর্তমানে এখানে তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি, তিনটি এক্স-রে যন্ত্রের মধ্যে দুটি, চারটি ইসিজি যন্ত্রের মধ্যে তিনটি, আটটি আল্ট্রাসনোগ্রাম যন্ত্রের মধ্যে পাঁচটি, একটি মেমোগ্রাফি ও একটি ইকোকার্ডিওগ্রাফি যন্ত্র বিকল হয়ে পড়ে আছে।
সম্প্রতি হাসপাতালের রেডিওলজি বিভাগের সামনে কথা হয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকার বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, সিটিস্ক্যান যন্ত্র নষ্ট। কক্ষটি স্যাঁতসেঁতে। সেখানে নেই জেনারেটর। এ কারণে বাইরে থেকে বেশি টাকা খরচ করে সিটিস্ক্যান করতে হয়েছে।
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হাবিব আবদুল্লাহ সোহেল বলেন, যন্ত্রপাতির অভাবে রোগীদের প্রত্যাশিত সেবা দিতে বেগ পেতে হচ্ছে। সিটিস্ক্যান ও দুটি এক্স-রে যন্ত্রের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২১ আগস্ট চিঠি পাঠানো হয়েছে। অন্যান্য যন্ত্রপাতি মেরামত ও নতুন করে দেওয়ার জন্য আবেদন করা হলেও বরাদ্দ আসেনি। প্রতিদিন এ হাসপাতালে বহির্বিভাগে দুই হাজার এবং অন্তর্বিভাগে গড়ে ৮৫৫ জন রোগী থাকে। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর কিছু উপজেলার রোগীরা এখানে সেবার জন্য আসে।