বিকল যন্ত্রপাতি সচল করে চালু হচ্ছে কিডনি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আট বছর আগে বিভাগটি চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হলেও সেগুলো পূর্ণাঙ্গভাবে স্থাপন না করায় কার্যক্রম চালু করা যায়নি।

দক্ষিণাঞ্চলের প্রায় এক কোটি মানুষের অন্যতম প্রধান এই চিকিৎসাকেন্দ্রে কিডনি বিভাগ না থাকায় এই অঞ্চলের রোগীরা চরম ভোগান্তিতে আছেন। বিশেষ করে, গরিব রোগীদের ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে ব্যাপক সমস্যা হয়।

হাসপাতাল সূত্র জানায়, বিভাগটি চালুর উদ্যোগ নেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের একজন কারিগরি ব্যবস্থাপকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গত ২৫ সেপ্টেম্বর বরিশালে আসে। প্রতিনিধিদলের সদস্যরা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা যন্ত্রপাতি সচল করার বিষয়টি খতিয়ে দেখেন এবং এসব চালু করতে যেসব বাড়তি যন্ত্রাংশ প্রয়োজন, তার একটা তালিকা করে ২৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরে যান। তখন তাঁরা ১৫ দিনের মধ্যে এসব যন্ত্রপাতি মেরামত করে বিভাগটি চালু করে দেওয়ার আশ্বাস দিয়ে গেছেন।

২০০৮ সালের ১৯ মার্চ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ একটি কিডনি বিভাগ চালুর উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য দুটি হিমো ডায়ালাইসিস মেশিন, একটি ডিজিটাল রেডিওলজি (ডিআর) মেশিন, একটি পানি শোধন মেশিনসহ (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এরপর ওই বছরের ২০ সেপ্টেম্বর হাসপাতালের তৃতীয় তলায় কিডনি বিভাগে দুটি ডায়ালাইসিস মেশিন, ডিজিটাল রেডিওলজি মেশিন ও পানি শোধনাগার স্থাপনের কাজ শুরু হলেও সেগুলো পূর্ণাঙ্গভাবে স্থাপন না করেই কারিগরি দলটি চলে যায়। ফলে আর এ বিভাগ চালু করা সম্ভব হয়নি। সেই থেকে আট বছর এসব যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

হাসপাতাল সূত্র জানায়, অব্যবহৃত থেকে যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে গেছে। বিষয়টি হাসপাতালের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের জানান। এরপর গত ২৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের একজন কারিগরি ব্যবস্থাপকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বরিশালে এসে এসব যন্ত্রপাতি সচল করার বিষয়ের সম্ভাব্যতা যাচাই করে। একই সঙ্গে ওয়ার্ডগুলো ধুয়েমুছে পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকেরা জানান, প্রতি মাসে কিডনির জটিলতা নিয়ে ২৫-৩০ জন রোগী এখানে ভর্তি হন। কিন্তু কিডনি বিভাগের কার্যক্রম না থাকায় তাঁদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। তাঁদের ঢাকায় পাঠানো হয়। এতে রোগীদের আর্থিক ও মানসিক ক্ষতি হয়। বিশেষ করে, গরিব রোগীরা মারাত্মক সমস্যায় পড়েন। হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘২০০৮ সালে যেসব মেশিন এখানে বসানো হয়েছিল, তার সবই এখন বিকল। আশা করি, ১৫-২০ দিনের মধ্যে বিভাগটি চালু করতে পারব।’