গলার ক্যানসারে আক্রান্ত কক্সবাজারের বাসিন্দা মো. ফরিদ (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক দিন আগে। হাসপাতালে ভর্তির আগেই তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়। ভর্তির পর চিকিৎসকেরা জানান, তাঁকে রেডিওথেরাপি দেওয়া জরুরি। কিন্তু হাসপাতালের একমাত্র রেডিওথেরাপি যন্ত্রটি নষ্ট হওয়ায় তাঁকে সেখানে রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। দিনমজুর ফরিদের ঢাকায় গিয়ে রেডিওথেরাপি নেওয়ারও সামর্থ্য নেই।
সাত মাস ধরে চমেক হাসপাতালের রেডিওথেরাপি যন্ত্র অকেজো হয়ে পড়ে থাকায় ফরিদের মতো ক্যানসারে আক্রান্ত অনেক রোগীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
চমেক হাসপাতাল সূত্র থেকে জানা যায়, প্রতিদিন গড়ে ৯০ জন ক্যানসারে আক্রান্ত ব্যক্তি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। এ ছাড়া ২৪ জন রোগী অন্তর্বিভাগে ভর্তি থাকে। তাদের মধ্যে অন্তত অর্ধেকের রেডিওথেরাপি দরকার হয়।
রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক মো. মোখলেছ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের রেডিওথেরাপি মেশিনটি সেপ্টেম্বর মাস থেকে নষ্ট। ফলে এই অঞ্চলের রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পুরোনো ওই মেশিন মেরামত করা হলেও কত দিন ভালো সেবা পাওয়া যাবে, সেই নিশ্চয়তা নেই। সে জন্য নতুন মেশিনের জন্য আমরা ঢাকায় লিখেছি।’ তিনি বলেন, ‘রেডিওথেরাপি যন্ত্র নষ্ট হওয়ার আমরা এখন কেমোথেরাপির পর আর কোনো চিকিৎসা দিতে পারছি না।’
হাসপাতাল সূত্র থেকে আরও জানা যায়, মেশিন চালু থাকা অবস্থায় দিনে ৬০ জন রোগীকে রেডিওথেরাপি দেওয়া সম্ভব হতো। ১৯৯৩ সালে চমেক হাসপাতালে রেডিওথেরাপি যন্ত্র বসানো হয়। শুরুর দিকে ভালো সেবা পাওয়া গেলেও কয়েক বছর ধরে এটি প্রায়ই অকেজো থাকত। এর আগে হাসপাতালে আরও দুটি রেডিওথেরাপি যন্ত্র ছিল। সেগুলো অনেক আগেই অকেজো হয়ে পড়ে।
আরও জানা যায়, বছরে প্রায় ২০ হাজার ক্যানসার রোগী এই হাসপাতালে চিকিৎসা নেয়। রেডিওথেরাপি যন্ত্র যখন সচল ছিল, তখন বছরে আড়াই থেকে তিন হাজার রোগীকে সেবা দেওয়া সম্ভব হতো। তখনো ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের বড় একটি অংশ রেডিওথেরাপির সেবার বাইরে থেকে যেত।
২০১৫ সালে ক্যানসার বিভাগে নতুন রোগী আসে সাড়ে চার হাজারেরও বেশি। একই সময়ে পুরোনো রোগী চিকিৎসা নেয় ১৫ হাজারের বেশি। এদের অর্ধেকেরও বেশি রোগীর রেডিওথেরাপি দরকার হয়।
জানতে চাইলে রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন, রেডিওথেরাপি যন্ত্র নষ্ট জেনে এখন অনেক রোগী এখানে আসছে না। কেউ ঢাকায় চলে যাচ্ছে, কেউবা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। এই হাসপাতালে বিভিন্ন জেলার ক্যানসারের রোগীরা আসে। তাই হাসপাতালের রেডিওথেরাপি যন্ত্রটি ঠিক করা খুবই জরুরি।
সরেজমিনে রেডিওথেরাপি বিভাগে দেখা যায়, ক্যানসারে আক্রান্ত অনেক রোগী রেডিওথেরাপির জন্য চিকিৎসকদের কক্ষে ধরনা দিচ্ছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের জরুরি ভিত্তিতে রেডিওথেরাপি মেশিন দরকার। সেটি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় আমাদের জন্য একটি কোবাল্ট রেডিওথেরাপি মেশিন কেনার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে এটি হবে।’