বিকলাঙ্গ বানিয়ে ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণ!
সাত বছরের কন্যাশিশু অপহরণ করে মাথার চুল কেটে টি-শার্ট ও জিনসের প্যান্ট পরানো হয়। এরপর তাকে কম খাইয়ে দুর্বল বানানোর চেষ্টা করা হয়। তারপর শিশুটির অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহার করা হতো। অপহরণকারী জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দাবি করেছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার এলাকা থেকে গত রোববার সকালে শিশুটিকে অপহরণ করা হয়। তিন দিন পর ২৫ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পৌর মিলনায়তনের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অপহরণকারী মো. রহিম মাতুব্বরকে (২২)।বুধবার দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুর র্যাব কার্যালয়ে এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শিশুটির বাবা জানান, মালিগ্রাম বাজারের কাছে তাঁর বাড়ি। তাঁর তিন মেয়ে ও এক ছেলের মধ্যে এই মেয়েটি সবার ছোট। সে মালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। তাঁর বড় ছেলে ও এক নাতি বাজারে দোকান করে। রোববার সকাল সাতটার দিকে তিনি তাঁর মেয়েকে বাজারে বড় ভাইয়ের কাছে পাঠান তাঁকে ডেকে আনার জন্য। কিন্তু এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন সোমবার তাঁর স্ত্রী ভাঙ্গা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটি বলেছে, ‘আমি ওই দিন বাজারে যাওয়ার পথে এই ব্যক্তি আমাকে নগদ ৫০ টাকা এবং ভালো খাবার কিনে দেওয়ার কথা বলে আমাকে একটি টেম্পোতে উঠিয়ে নিয়ে যায়। পরে একটি বাড়িতে আটকে রাখে। কান্নাকাটি করলে মারধোর করত। ঠিকমতো খেতে দিত না। আমার চুল কেটে ছোট করে দেয়। বাড়ি যেতে চাইলে মারধোর করে।’সংবাদ সম্মেলনে অপহরণকারী রহিম মাতুব্বর দাবি করেন, শিশুটি নিজের ইচ্ছেতেই তাঁর সঙ্গে চলে এসেছে। তিনি তাকে একটি এতিমখানায় দিতে চেয়েছিলেন। অপহরণের কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। তবে চুল কেটে দেওয়া ও ছেলেদের পোশাক পরানোর ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।গতকাল বৃহস্পতিবার সকালে র্যাবের ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমামুর রশিদ প্রথম আলোকে জানান, বুধবার রাতে র্যাবের জিজ্ঞাসাবাদে রহিম মাতুব্বর স্বীকার করেছেন, তিনি শিশুটিকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর জন্য প্রাথমিক পর্যায়ে তাকে কম খাবার দেন। এর ফলে শিশুটি দুর্বল হয়ে পড়লে তার কোনো একটি অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি করানোর কাজে যুক্ত করা হতো। ইমামুর রশিদ আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, রহিম শিশু পাচারকারী একটি চক্রের সঙ্গে যুক্ত। মালিগ্রাম বাজারেও তাদের চক্র রয়েছে। শিশুটিকে ৬০ হাজার টাকায় বিক্রির জন্য বড় চক্রের সঙ্গে তার কথা হচ্ছিল। তাকে ওই চক্রের হাতে তুলে দেওয়ার জন্য ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসা হয়।’ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, গতকাল মেয়েটির বড় ভাই বাদী হয়ে নারী ও শিশুনির্যাতন দমন আইনে থানায় মো. রহিম মাতুব্বরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।