বিকল্প অর্থায়নে সেতু হলে খরচ কমও হতে পারে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হলে বিশ্বব্যাংকসহ দাতাদের প্রস্তাবিত ঋণের চেয়ে খরচ কমও হতে পারে। বিকল্প অর্থায়নে পদ্মা সেতু করা হলে জনগণের ওপর আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকবে, যা হবে সারপ্রাইজ (চমক)।’ যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন। বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে দাবি করে গত শুক্রবার বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে। এ প্রকল্পের জন্য সরকার মালয়েশিয়ার সঙ্গেও সমঝোতা স্মারক সই করেছে। পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের কাছে আবেদন জানানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক নিজেদের দরজা নিজেরাই বন্ধ করেছে। আমরা নিজেরা দরজা বন্ধ করিনি।’আবার ওবায়দুল কাদের এও বলেন, বিশ্বব্যাংকের সিদ্ধান্ত আকস্মিক হলেও অপ্রত্যাশিত নয়। সরকার পূর্বাহে আঁচ করতে পেরে বিকল্প অর্থায়নের প্রস্তুতি নিয়ে রেখেছে। পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়া প্রস্তাব দিয়েছে। আরও দুটি দেশ আগ্রহ দেখিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেন যোগাযোগমন্ত্রী।