বিকল্প ইসলামি মোর্চা গঠনের লক্ষ্যে ১৫ সংগঠনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচনে একটি বিকল্প ইসলামি মোর্চা গঠন করার লক্ষ্যে গতকাল সোমবার রাজধানীর লালবাগ কেল্লার মোড়ে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং পীর-মাশায়েখরা মতবিনিময়ের নামে বৈঠকে মিলিত হন।

ইসলামি দলসমূহের ব্যানারে ‘ইসলাম ও দেশ রক্ষায় আমাদের করণীয়’ এ মতবিনিময়ে অন্তত ১৫টি দল ও সংগঠনের নেতারা অংশ নেন। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের দুই শরিক ইসলামী ঐক্যজোট ও ইসলামিক পার্টিও রয়েছে।

বৈঠক-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কোনো ‘কুফরি’ শক্তির সঙ্গে হাত না মিলিয়ে সব ইসলামি দলকে ইমান রক্ষার তাগিদে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। এ ক্ষেত্রে একটি বিকল্প ইসলামি মোর্চা গঠন করার প্রস্তাব করেন ‘ইসলামী দলসমূহের’ আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ। পরে নেজামে ইসলাম পার্টির (একাংশ) ইজহারুল ইসলাম চৌধুরী ও মুসলিম লীগ (একাংশ) মহাসচিব কাজী আবুল খায়ের এ প্রস্তাবের পক্ষে কথা বলেন। অবশ্য বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মতবিনিময়ে অংশ নেন খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, ইসলামী ঐক্যজোটের আমির আবদুল লতিফ নেজামী প্রমুখ।

জানতে চাইলে আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার বিষয়ে কথাবার্তা হয়েছে, বিকল্প জোট গঠনের বিষয়টি আমার জানা নেই।’