বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তিতে লাভবান হবেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, প্রচলিত বিচারব্যবস্থায় বিরোধ নিষ্পত্তিতে অর্থ ও সময় ব্যয় বেশি হয়। এ জন্য সরকার অর্থ, ব্যবসা ও বাণিজ্য-সংক্রান্ত বিরোধ নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর-ব্যবস্থা চালু করেছে। এতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা লাভবান হবেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউট (আইএলআই) আয়োজিত আরবিট্রেশন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের (এমসিসিআই) সভানেত্রী রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন উইলিয়াম হান্না, আইএফসির এদেশীয় ব্যবস্থাপক কেইল এফ কাইলহফার, বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলী এবং আইএলআইয়ের প্রশিক্ষক কার্লোস ডাভিলা বক্তব্য দেন।
ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিতর্কের সুযোগ নেই: পরে আইনমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সব সুযোগ দিয়ে ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করছেন। বিচার আন্তর্জাতিক মান বজায় রেখে হচ্ছে। ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই।