বিকল্প উৎস খোঁজার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানভেদে চট্টগ্রাম নগরে ভূগর্ভস্থ পানির স্তর গত এক বছরে ২ থেকে ৪০ ফুট পর্যন্ত নেমে গেছে। চট্টগ্রাম ওয়াসার গভীর নলকূপগুলোর বর্তমান পানির স্তরের সঙ্গে এক বছর আগের পানির স্তরের তুলনা করে এ চিত্র পাওয়া গেছে। পানির স্তর নিচে নামতে থাকায় উৎপাদনেও এর প্রভাব পড়ছে বলে জানিয়েছে ওয়াসা।

চট্টগ্রামে প্রতিবছর ভূগর্ভস্থ পানির স্তর কী পরিমাণ নামছে, সে বিষয়ে সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ একটি প্রাথমিক জরিপ শুরু করেছে। এখনো এর ফলাফল বের হয়নি।

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী ইশান মহাজন সড়কের বাসিন্দারা ওয়াসার পানিবঞ্চিত। দাশপাড়ায় গভীর নলকূপের সামনে তাই এমন ভিড় দিনভর লেগেই থাকে l প্রথম আলো
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী ইশান মহাজন সড়কের বাসিন্দারা ওয়াসার পানিবঞ্চিত। দাশপাড়ায় গভীর নলকূপের সামনে তাই এমন ভিড় দিনভর লেগেই থাকে l প্রথম আলো

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পানিবিশেষজ্ঞ হযরত আলী প্রথম আলোকে বলেন, সাদাচোখে দেখেই বলা সম্ভব প্রতিবছর যে পরিমাণ পানি তোলা হচ্ছে তার বিপরীতে পানি রিচার্জের (শূন্যস্থান পূরণ) পরিমাণ খুবই কম। কারণ, নগরায়ণের ফলে খোলা মাঠ, জমির পরিমাণ কমে গেছে। খাল-বিল ভরাট করে চলছে ভবন তৈরির কাজ। ফলে মাটি চুষে ভেতরে পানি যাচ্ছে কম। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে পানির চাহিদা বাড়ছে প্রতিদিন। তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানো খুবই জরুরি।
ভূ-উপরিস্থ পানির উৎস খোঁজার বদলে নির্বিচারে মাটির নিচ থেকে পানি উত্তোলন করায় পানির স্তর নামছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। নগরে সুপেয় পানিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়াসার প্রকৌশলীরাও এটিকে পানির স্তর নামার কারণ হিসেবে স্বীকার করেছেন।
ওয়াসা জানিয়েছে, নগরে সংস্থাটির গভীর নলকূপের সংখ্যা ৯৫টি। এর মধ্যে বর্তমানে সচল রয়েছে ৯১টি। এ ছাড়া ওয়াসার লাইসেন্স পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে গভীর নলকূপের সংখ্যা ২ হাজার ৬০০।
ওয়াসার রক্ষণাবেক্ষণ, অপারেশন, বিতরণ বিভাগ-১ (মড-১)-এর অধীনে নগরের ৩৯টি নলকূপ রয়েছে। এ নলকূপগুলোর মধ্যে গত দুই মাসে ১৬টির সংস্কারকাজ করতে হয়েছে। ২০১৪ সালের মার্চের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে এই নলকূপগুলোর পানির স্তর নেমেছে ১০ থেকে ৪০ ফুট পর্যন্ত। যেমন আগ্রাবাদ পুলিশ ক্যাম্পের গভীর নলকূপটিতে গত বছর ৩০০ ফুট গভীরতায় পানি পাওয়া গেছে। কিন্তু বর্তমানে এর স্তর নেমেছে ৩২০ ফুটে। তেমনি পাহাড়তলীর দুলালাবাদ এলাকার গভীর নলকূপের পানির স্তরও এক বছরে ১৯০ থেকে ২৩০ ফুটে নেমে এসেছে।
আবার ওয়াসার মড-২-এর অধীনে রয়েছে ৫৬টি গভীর নলকূপ। সংস্থাটির হিসাবে এ নলকূপগুলোর প্রতিটিরই এক বছরের ব্যবধানে পানির স্তর দুই থেকে ১০ ফুট পর্যন্ত নেমেছে।
ওয়াসা জানিয়েছে, চট্টগ্রাম নগরের পানির চাহিদার বেশির ভাগই পূরণ করা হচ্ছে ভূগর্ভস্থ পানি থেকে। তবে প্রতিদিন কী পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে তার কোনো হিসাব নেই। ওয়াসা নিজের হিসাবটি বলতে পেরেছে। দুই বছর আগেও দৈনিক গড়ে ১১ কোটি লিটার পানি উত্তোলন করতে পারত সংস্থাটি। কিন্তু পানির স্তর কমে যাওয়ায় এখন গড়ে নয় কোটি লিটারের বেশি পানি পাওয়া যাচ্ছে না। এ ছাড়া নগরে লাইসেন্স পাওয়া ২ হাজার ৬০০ গভীর নলকূপের পাশাপাশি লাইসেন্সবিহীন আরও অনেক গভীর-অগভীর নলকূপ প্রতিদিন পানি উত্তোলন করছে।
এ প্রসঙ্গে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশের ভাষ্য, ‘ভূগর্ভস্থ পানির মজুত, উত্তোলন ও রিচার্জের পরিমাণ বিষয়ে কোনো গবেষণা থাকলে ভালো হতো। কিন্তু ব্যয়বহুল হওয়ায় আমরা এ বিষয়ে কোনো গবেষণা করতে পারিনি।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, কর্ণফুলী পানি প্রকল্পের কাজ শেষ হলে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি পাওয়া যাবে। এ ছাড়া আরও দুটি পানি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এগুলো শেষ হলে নগরে পানির জন্য গভীর নলকূপের ওপর নির্ভরতা অনেক কমে যাবে।
প্রসঙ্গত, গত ২৮ বছরে নগরে নতুন কোনো ভূ-উপরিস্থ পানি প্রকল্প বাস্তবায়িত হয়নি। একমাত্র মোহরা পানি শোধনাগার থেকে প্রতিদিন মাত্র নয় কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে। নগরে পানির বর্তমান চাহিদা দৈনিক গড়ে ৫২ কোটি লিটার।