বিকল্প কর্মসংস্থান বা ভর্তুকির ব্যবস্থা না থাকায় মাদারীপুরের শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহের সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অথচ পার্শ্ববর্তী মুন্সিগঞ্জে ক্ষতিগ্রস্ত জেলেদের এই সময়ের জন্য সরকারিভাবে অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়। গত মঙ্গলবার শিবচরের কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়ি ঘাট পর্যন্ত বর্ণাঢ্য নৌ-শোভাযাত্রার মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের শুরু হয়। স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর থেকে পদ্মা, মেঘনা, আড়িয়ালখাঁসহ বিভিন্ন নদ-নদীতে মার্চ-এপ্রিলে জাটকা ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। জাটকা রক্ষায় এর মধ্যে ১৫টি জেলায় বিকল্প কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে প্রতি জেলেকে ছয় মাস পর্যন্ত ৩০ কেজি করে চাল ও ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। কিন্তু শিবচরের পদ্মা ও আড়িয়ালখাঁয় জাটকা ধরা নিষিদ্ধ থাকলেও জেলেরা কোনো অনুদান পায় না। ফলে বিকল্প কর্মসংস্থানের অভাবে উপজেলার দেড় সহস্রাধিক জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পদ্মা-আড়িয়ালখাঁয় মাছ ধরতে বাধ্য হন।শিবচরের জেলে রহমান মিয়া, রশিদ, সোনা মিয়াসহ অনেকে বলেন, জাটকা ধরা নিষেধ থাকায় এ সময় নদীতে মাছ ধরা নিষেধ। এ সময় ওপারের মুন্সিগঞ্জের জেলেরা চালসহ বিভিন্ন অনুদান পেলেও তাঁরা কিছুই পান না। তাই পেটের দায়ে নিষেধ অমান্য করেই জাটকা ধরেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বলেন, শিবচর এলাকায় পদ্মা ও আড়িয়ালখাঁয় বিপুল পরিমাণ জাটকা বিচরণ করে। তাই এ এলাকায় এ সময় জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান প্রকল্পটি চালু করা জরুরি।