বিকল্প খাদ্যে শিশুর মৃত্যু হলে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প শিশুখাদ্য ও বাণিজ্যিকভাবে উৎপাদিত শিশুখাদ্য গ্রহণে কোনো শিশুর মৃত্যু হলে বা কোনো শিশু অসুস্থ হলে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জেল-জরিমানা ভোগ করতে হবে। এমন বিধান রেখে গতকাল মঙ্গলবার ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) বিল, ২০১৩’ সংসদে পাস হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
প্রস্তাবিত এই আইনে বিকল্প শিশুখাদ্য বা শিশুর বাড়তি খাদ্য মায়ের দুধের বিকল্প—এমন ধারণা দিয়ে যেকোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত করা শিশুর বাড়তি খাদ্য এবং এই খাদ্য ব্যবহারের সরঞ্জামসংক্রান্ত সব ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিকল্প শিশুখাদ্যের বিক্রিতে উৎসাহিত করতে কাউকে উপহার, ছাড়, সভা-সেমিনার আয়োজন, শিশুদের জন্য প্রতিযোগিতা বা অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। বিলে শিশুখাদ্যের মোড়কে শিশু বা মায়ের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।