বিকল্প ছাপাখানায় আমার দেশ ছাপতে বাধা কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প ছাপাখানায় সাময়িকভাবে আমার দেশ পত্রিকা ছাপতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকার নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট, রমনা ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিকল্প হিসেবে আল-ফালাহ প্রেস থেকে সাময়িক সময়ের জন্য পত্রিকাটি ছাপানোর নির্দেশনা চেয়ে আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ গত ২৫ মে রিট আবেদনটি করেছিলেন।
গতকাল রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. সালেহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ১১ এপ্রিল পুলিশ আমার দেশ-এর প্রেস বন্ধ করে দেয়। পরে ১২ ও ১৩ এপ্রিল আল-ফালাহ প্রেস থেকে পত্রিকাটি ছাপা হয়। এটা পত্রিকায় উল্লেখ ছিল। ১৩ এপ্রিল রাতে সেখানে পত্রিকা ছাপার সময় পুলিশ অভিযান চালায় এবং প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। প্রকাশনা ও ছাপাখানা আইনের ১০ ধারা অনুসারে বিকল্প প্রেস থেকে পত্রিকা ছাপানোর সুযোগ আছে। এ ছাড়া ছাপানো শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হয়।