বিকল্প ছাপাখানায় 'আমার দেশ' ছাপায় বাধা নিয়ে রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প ছাপাখানায় সাময়িকভাবে ‘আমার দেশ’ পত্রিকা ছাপতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।
স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, রমনা ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আল ফালাহ প্রেসে বিকল্প হিসেবে সাময়িক সময়ের জন্য পত্রিকাটি ছাপার নির্দেশনা চেয়ে আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ গত ২৫ মে রিট আবেদনটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. সালেহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
আইনজীবী মো. সালেহ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, গত ১১ এপ্রিল পুলিশ ‘আমার দেশ’ পত্রিকার প্রেস বন্ধ করে দেয়। পরে ১২ ও ১৩ এপ্রিল আল ফালাহ প্রেস থেকে পত্রিকাটি ছাপা হয়। এটা পত্রিকায় উল্লেখ ছিল। এর পরও ১৩ এপ্রিল রাতে বিকল্প জায়গা থেকে পত্রিকাটি ছাপার সময় পুলিশ ‘আমার দেশ’ পত্রিকার কর্মচারীদের গ্রেপ্তার করে ও প্রকাশনা বন্ধ করে দেয়। কিন্তু প্রকাশনা ও ছাপাখানা আইনের ১০ ধারা অনুসারে বিকল্প প্রেস থেকে পত্রিকা ছাপার সুযোগ আছে। ওই আইনের অধীনে পত্রিকাটি ছাপা হচ্ছিল। এ ছাড়া ছাপা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে ১২ এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হয়। এরপর ছাপতে না দেওয়ায় রিটটি করা হয়।
আদালত সূত্র জানায়, ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার ছাপাখানায় বেআইনিভাবে ‘আমার দেশ’ ছাপার অভিযোগে গত ১৩ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরিন সুলতানা। এতে মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ছাড়াও ‘দৈনিক সংগ্রাম’-এর সম্পাদক আবুল আসাদকে আসামি করা হয়। আমার দেশ পাবলিকেসন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মাহমুদা বেগমকে আসামি করা হয়। মামলাটি বাতিল চেয়ে তাঁদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন।