বরগুনার সদর উপজেলার সোনাতলা গ্রামে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বিকল্প জীবিকায়ন প্রকল্প এলাকা গতকাল শনিবার পরিদর্শন করেছেন জাতিসংঘের বাংলাদেশ পরিচালক স্টিফেন প্রিসনার। পরীক্ষামূলক এ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে স্টিফেন প্রিসনার বলেন, ‘এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এবং সহায়তা বাড়াতে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করে যাব।’ এ সময় স্টিফেন প্রিসনারের সঙ্গে ছিলেন বন ও পরিবেশসচিব মেজবাউল আলম, ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উফ হ্যারেন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্পের কর্মকর্তা শাহিনূর রহমান ও রঞ্জু আহম্মেদ। সচিব মেজবাউল আলম বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বিকল্প জীবিকায়নের এ প্রকল্প খুবই ফলপ্রসূ।প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনডিপির অর্থায়নে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় চার জেলায় ক্লাইমেট চেঞ্জ থ্রু কোস্টাল এক্সটেনশন ইন বাংলাদেশ (সিবিএসিসি-সিএফ) প্রকল্পের আওতায় বিকল্প জীবিকা সৃষ্টির লক্ষ্যে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বরগুনা সদর উপজেলা, নোয়াখালীর হাতিয়া, ভোলার চরফ্যাশন ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি করে ইউনিয়নে ২০০৯ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পটি প্রথম ধাপে ২০১৩ সাল পর্যন্ত চলবে।প্রকল্পের আওতায় সোনাতলা গ্রামে প্রায় ১০ হেক্টর জমিতে ৮০টি পরিবারকে মাছ ও সবজি চাষ এবং ফলদ ও বনজ বৃক্ষের বাগান তৈরিতে সহায়তা দেওয়া হচ্ছে। সেসঙ্গে এ এলাকার পতিত ও এক ফসলি জমিকে বহু ফসলি করার কাজ চলছে। এবার এ এলাকায় ৫০০ হেক্টর জমিতে প্রথমবারের মতো বোরোর আবাদ করেছেন কৃষকেরা।