বিকল্প না থাকায় পলিথিন ব্যাগের ব্যবহার পুরোপুরি বন্ধ করা কঠিন বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। তিনি বলেন, পলিথিন ব্যাগ সহজলভ্য ও কম দামি। এটি পুরোপুরি বন্ধ করা কষ্টসাধ্য ব্যাপার। গতকাল বুধবার সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকার মাশরুম চাষ ও তা মোড়কজাত করা এবং নার্সারির চারা উৎপাদন ও বিপণনের জন্য বিভিন্ন পুরুত্বের পলিথিন ব্যাগের ওপর ছাড় দেয়। এই সুযোগ নিয়ে কিছু অসাধু কারখানা গোপনে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ তৈরি করছে। তা সত্ত্বেও গত এক বছরে পরিবেশ অধিদপ্তর ২৪২ টন পলিথিন ব্যাগ জব্দ করেছে।
সুন্দরবনে আগুন লাগা সম্পর্কে সরকারি দলের জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, বর্ষা মৌসুমে নির্বিঘ্নে মাছ ধরার জন্য স্থানীয় জেলে ও দুষ্কৃতকারীরা সুন্দরবনে আগুন লাগিয়েছেন বলে তদন্তে পাওয়া গেছে। এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুজনকে আটক করেছে। দায়িত্বে অবহেলার জন্য চারজন বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জাসদের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, শব্দদূষণের অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে ১০৩টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১ কোটি ৮৯ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৭৭ লাখ টাকা আদায় হয়েছে। মন্ত্রী জানান, শব্দদূষণের দায়ে গত পাঁচ বছরে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন গাড়ি থেকে হর্ন খুলে নেওয়া হয়েছে।