বিকল্প নৌরুট চালুর সুপারিশ তদন্ত কমিটির
শ্যালা নদীর পরিবর্তে দ্রুত মংলা-ঘাষিয়াখালী নৌরুট চালুর সুপারিশ করেছে সরকারি তদন্ত কমিটি। শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার-ডুবির পর গঠিত এই কমিটি বলেছে, পানিতে তেল নিঃসরিত হলে প্রাথমিক যে কার্যক্রম নেওয়া দরকার, এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি।
ট্যাংকার দুর্ঘটনার সময় মরাকটাল থাকায় নিঃসরিত তেল মূল বনে প্রবেশ করতে পারেনি বলে দাবি করেছে কমিটি। তেল নিঃসরণ বন্ধ করতে বনের প্রতিবেশে কোনো প্রকার বিভাজক (ডিস্পারসেন্ট) ব্যবহারের বিরোধিতা করেছে কমিটি। অন্তত ছয় সপ্তাহ সুন্দরবনের প্রতিবেশে কোনো চাপ সৃষ্টি না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ডিসেম্বর শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী ট্যাংকার সাউদার্ন স্টার-৭ অন্য একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ দুর্ঘটনায় ট্যাংকারের ছয়টি চেম্বারের চারটি সম্পূর্ণ ও দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দুর্ঘটনার পরদিন পরিবেশ ও বন মন্ত্রণালয় বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এর আহ্বায়ক ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল করিম। কমিটিতে সুন্দরবন বিষয়ে একাধিক বেসরকারি পর্যায়ের গবেষক, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরসহ কয়েকটি সরকারি দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। কমিটি খসড়া প্রতিবেদন দিয়েছে।
কমিটির লক্ষ্য ছিল, তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং সুপারিশ করা।
কমিটি দুর্ঘটনার স্থানসহ সুন্দরবনের আশপাশে ৫০ কিলোমিটার স্থান পরিদর্শন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। কমিটির প্রথম সুপারিশই হলো, দ্রুত মংলা-ঘষিয়াখালী নৌরুট চালু করা। এ বিকল্প রুট চালু না হওয়া পর্যন্ত শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল যদি অপিরহার্য হয়ে থাকে, তাহলে কিছু বিষয় বিবেচনার জন্য পরামর্শ দেয় কমিটি। সেগুলো হলো প্রতিটি জাহাজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদিত নির্ধারিত পাইলট থাকতে হবে। সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের জয়মণিঘোল-আন্ধারমানিক-হরিণটানা-দুধমুখী-শরণখোলা-বগী পথে একই জোয়ার এবং একই ভাটায় জাহাজগুলো সুন্দরবনের সংরক্ষিত এলাকা অতিক্রম করতে হবে। চলাচলকারী ট্যাংকারের চেম্বারগুলো পানিনিরোধক হতে হবে। এ পথে জাহাজের গতি কম রাখারও পরামর্শ দেওয়া হয়।
ট্যাংকারডুবির পর সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু পর্যবেক্ষণ আছে কমিটির। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উজান ও ভাটিতে নদীর উভয় তীরে প্রায় ৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দুই থেকে ২১ ফুট প্রস্থে ছোট ছোট গাছগাছড়ায় কালো তেল লেগে থাকতে দেখা যায়। ফলে এসব জায়গার ঘাস, চারাগাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্ঘটনার সময় মরাকটাল থাকায় নদীর পানির তল নিচু থাকায় নিঃসরিত তেল বনের ভেতর ঢুকতে পারেনি। ফলে বড় বড় গাছ ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
কমিটির সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক দীলিপ কুমার দত্ত গাঙ্গেয় বদ্বীপের রসায়ন নিয়ে গবেষণা করেছেন। গতকাল ওই প্রতিবেদন সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, ঘর পুড়লে ক্ষতি হবেই। কিছু হয়নি বা হবে না, এটা বলা অসংগত। তবে কিছু প্রাকৃতিক কারণেই এত বড় দুর্ঘটনার পরও ক্ষতির পরিমাণ বাড়েনি।
সেই কারণগুলো সম্পর্কে দিলীপ দত্ত বলেন, যেমন এখন মরা গোন, জোয়ারের তোড় কম। আবার শীতকালে পানির প্রবাহ কম হওয়াতেও তেল দ্রুত ছড়ায়নি। এই শীতে উত্তুরে হাওয়ায় তেলমিশ্রিত পানি কেবল নদীর দক্ষিণ দিকের ধার ধরে দেখা গেছে। উত্তর দিকটা ফাঁকা।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ঘাসে তেল লেগেছে, তা আর পানিতে ছড়িয়ে পড়ছে না। ফলে ভরাকটালের সময়ও অন্যান্য গাছ তেল দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা কম।
দুর্ঘটনাস্থলে সংবেদনশীল প্রাণী ডলফিন দেখা যাওয়ায় জলজ প্রাণীর ক্ষতির আশঙ্কা কম বলে কমিটির মন্তব্য। তবে এ বিষয়ে আরও নিয়মিত পর্যবেক্ষণ হওয়া উচিত।
কমিটির পর্যবেক্ষণে বলা হয়, পানিতে নিঃসরিত তেল দ্রুততম সময়ে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। নিয়ন্ত্রণের প্রাথমিক ধাপ হলো, এলাকায় ভাসমান খড়কুটো বা কচুরিপানা দিয়ে ঘিরে ফেলা। তেল সহজে লেগে থাকে এমন পদার্থ যেমন স্পঞ্জ বা প্লাস্টিক দিয়ে শুষে নেওয়া বা স্কিমিং করা। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে ফার্নেস তেল নিঃসরিত হওয়ার স্বল্পতম সময়ে এ রকম কোনো কার্যক্রম নেওয়া হয়নি।
এ তেল নিঃসরণে বিভাজক ব্যবহারের কথা বলা হয়েছে সরকারি নানা তরফে। তবে কমিটির প্রতিবেদনে কোনো ধরনের রাসায়নিক ব্যবহারের বিরোধিতা করা হয়েছে।
কমিটিতে ম্যানগ্রোভ বনবিশেষজ্ঞ হিসেবে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক। তিনি প্রথম আলোকে বলেন, রাসায়নিক বিভাজক ব্যবহার করলে বড় ধরনের সর্বনাশ ডেকে আনা হবে। এমনিতেই পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। এখন নতুনভাবে বিভাজক প্রয়োগ করলে এর জন্য আরও অক্সিজেনের প্রয়োজন হবে। জলজ প্রাণীর জন্য অক্সিজেনে তখন আরও ঘাটতি দেখা দেবে।