ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুটি বেইলি সেতুর ওপর দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যান চলাচল নিষেধ। ব্যবসায়ীরা বলছেন, এ কারণে বিকল্প পন্থায় পণ্য পরিবহন করতে গিয়ে খরচ বেড়ে গেছে। এর প্রভাব পড়ছে বাজারে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বাঞ্ছারামপুর-আড়াইহাজার সড়কের আইয়ুবপুরে কাঠের তৈরি বেইলি সেতুটি জরাজীর্ণ হওয়ায় এক বছর আগেই সেটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তার পর থেকে পাঁচ টনের বেশি ওজনের গাড়ি ঢাকা থেকে কুমিল্লার হোমনা হয়ে বাঞ্ছারামপুরে প্রবেশ করত। এদিকে বাঞ্ছারামপুর-হোমনা সড়কের রাধানগর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক ১২ জুলাই ভেঙে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগব্যবস্থা চালু করতে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। কিন্তু বেইলি সেতুটি অস্থায়ী হওয়ায় সেটিও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সওজ কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ী মো. ফারুক মিয়া বলেন, ঈদুল ফিতর সামনে রেখে বাঞ্ছারামপুরের ব্যবসায়ীরা প্রচুর পণ্য আনছেন। কিন্তু দুটি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় পণ্য পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়বে সাধারণ ক্রেতাদের ওপর। তিনি বলেন, পাঁচ টনের বেশি ওজনের পণ্যবাহী গাড়িগুলো অস্থায়ী বেইলি সেতু পর্যন্ত আনা হয়। এরপর নৌকা, নছিমন ও ভ্যানে করে পণ্য উপজেলার বাজারগুলোতে পৌঁছানো হয়। এ কারণে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে।ব্যবসায়ী আবদুল হান্নান বলেন, গত এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে চার টাকা পর্যন্ত বেড়েছে। চালের দামও বস্তাপ্রতি (৫০ কেজি) ৪০ থেকে ৫০ টাকা বেড়ে গেছে।চাকরিজীবী শাহ নাদিম হোসেন প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা বলছেন, সেতুর কারণে ট্রাক আসতে না পারায় পণ্যের দাম আবার বাড়ছে। সওজের বাঞ্ছারামপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাবিব উল্লাহ প্রথম আলোকে বলেন, আইয়ুবপুরের বেইলি সেতুর জায়গায় নতুন সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার পথে। ঠিকাদার নির্মাণসামগ্রী নিয়ে আসা হয়েছে। অন্যদিকে রাধানগরে নির্মাণাধীন সেতুর ঢালাই দেওয়া হয়েছে। ঈদের আগেই মূল সেতু চালু করা হবে।