প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, মামলার চাপে বর্তমানে বিচারব্যবস্থা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। বিকল্প পদ্ধতিতে আপস মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব। এ ক্ষেত্রে ফৌজদারি আইনে অমীমাংসাযোগ্য মামলার বাধা দূরীকরণে নতুন আইন করা হবে। প্রধান বিচারপতি গত মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ইউএনডিপির সহায়তায় ‘বিচার ব্যবস্থা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, সামাজিক অবক্ষয়, উত্তরাধিকারজনিত কারণে বিরোধের ফলে মামলার সংখ্যা বেড়েই চলেছে। ফলে মামলার খরচ বেড়ে বিচারপ্রার্থী জনগণ ভোগান্তির মুখে পড়ছেন। ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন প্রকল্পের উপদেষ্টা ও উজবেকিস্তানের সহকারী প্রধান বিচারপতি জাখনগির খাইদারভ, হাইকোর্টের বিচারপতি মো. আনোয়ারুল হক।