বিকল্প প্রস্তাব নিয়ে সংসদে আসুন, মেয়াদ পর্যন্ত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে কেবল এক দিন বা এক অধিবেশনের জন্য নয়, পুরো মেয়াদ পর্যন্ত সংসদে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আশা করছি, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংসদে বিকল্প প্রস্তাব নিয়ে আসবে।’গতকাল শনিবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দল সংসদে এসে প্রস্তাব তুলে ধরবে। এটা হলে একটা আলোচনার পথ সুগম হবে। বিরোধী দল প্রস্তাব নিয়েই সংসদে আসবে বলে আমাদের প্রত্যাশা।’সৈয়দ আশরাফ বলেন, কেবল সদস্যপদ রক্ষার জন্য বিরোধী দলের সংসদে যোগ দেওয়ার বিষয়টি জাতি ভালোভাবে নেয়নি। বিশেষ করে নতুন প্রজন্ম ব্লগে-অনলাইনে বলছে, এত দিন তারা সংসদে না এলেও বেতন-ভাতা ভোগ করেছে। এখন না এলে বেতন-ভাতা পাবে না। তাই তারা সংসদে আসতে চাইছে। তিনি বলেন, ‘জনগণ আমাদের বেতন-ভাতা দেয়, বাড়ি দেয়, ট্যাক্স-ফ্রি গাড়ি দেয় কিসের জন্য? জনগণের স্বার্থ রক্ষার জন্য। শুধু ৯০ দিনের মধ্যে সদস্যপদ রক্ষার জন্য একবার সংসদে এলাম, সে জন্য জনগণ ভোট দেয়নি। এটা জাতির কাছে প্রতারণামূলক।’