বিকল্প বিচারব্যবস্থার জন্য কার্যকর আইন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিকল্প বিচারব্যবস্থা আইনসিদ্ধ করতে কার্যকর আইন প্রণয়ন ও প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে। কারণ, বিকল্প বিচারব্যবস্থার মাধ্যমে মানুষকে দ্রুত বিচার দেওয়া সম্ভব। একই সঙ্গে এর মাধ্যমে প্রচলিত ফৌজদারি বিচারব্যবস্থা থেকে জনগণকে আরেকটি কার্যকর বিকল্পের প্রতি আকৃষ্ট করা যাবে।
‘অপরাধ ও সংঘাত এড়াতে বিকল্প বিচারব্যবস্থা’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সেমিনার গতকাল বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) ও জার্মানির আন্তর্জাতিক সাহায্য সংস্থা জিআইজেড যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশ, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়ার ছাড়াও বিকল্প বিচারব্যবস্থা-বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।
জিআইজেড বাংলাদেশের আইনের শাসন কর্মসূচির প্রধান প্রমিতা সেনগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে আইনমন্ত্রী আরও বলেন, বিকল্প বিচারব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে আইনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে সরকারকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা করতে হবে।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও পরিচালন) মোখলেসুর রহমান বিকল্প বিচারব্যবস্থায় পুলিশের ভূমিকার উল্লেখ করে বলেন, সরকারের রূপকল্প ২০২১ অনুযায়ী বাংলাদেশ পুলিশ সেই ভূমিকা পালনে আরও ভালোভাবে প্রস্তুত হচ্ছে। বিকল্প বিচারব্যবস্থা সামাজিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও অধিকতর কার্যকর বলে তিনি উল্লেখ করেন। সমাপনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নুরুল ইসলাম। আরও বক্তব্য দেন ডিএফআইডির জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড বাটারওয়র্থ।
দুই দিনের এই সেমিনারে বিকল্প বিচারব্যবস্থা সম্পর্কে বিভিন্ন দেশের অভিজ্ঞতা তুলে ধরেন বিশেষজ্ঞরা। তার ভিত্তিতে বাংলাদেশে কীভাবে এই পদ্ধতি চালু করা যায়, সে ক্ষেত্রে বাধা কি, কীভাবে সেই বাধা দূর করা সম্ভব—এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।