বিকল্প বিদ্যুতের অভাবে চালু করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় যশোরে ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সবজি হিমাগারটি চালু করা যাচ্ছে না। এতে কৃষি পণ্য সংরক্ষণ করার যে লক্ষ্য নিয়ে এটি স্থাপন করা হয়েছিল, তা ভেস্তে যেতে বসেছে। পাশাপাশি ভাড়া অনেক বেশি হওয়ায় কৃষক এ হিমাগার থেকে কোনো সুফল পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর জেলায় প্রতিবছর ১৩ হাজার থেকে ১৫ হাজার হেক্টর জমিতে প্রায় সাড়ে পাঁচ লাখ টন সবজির ফলন হয়। এর মধ্যে যশোরের মানুষের চাহিদা মিটিয়ে আড়াই লাখ টন উদ্বৃত্ত থাকে। এ জেলায় ৮০০ থেকে এক হাজার কোটি রজনীগন্ধা, গ্লাডিওলাসসহ বিভিন্ন ধরনের ফুল উৎপাদন হয়। এর ৯৫ শতাংশই দেশের অন্য এলাকায় সরবরাহ করা হয়। এ ছাড়া এ জেলায় এক লাখ ১৯ হাজার টন মাছ উৎপাদন হয়। জেলার মানুষের চাহিদা মিটিয়ে প্রতিবছর ৭৪ হাজার টন মাছ রপ্তানি করা হয়। সংরক্ষণের অভাবে প্রতিবছর প্রচুর পরিমাণ সবজি, ফুল ও মাছ নষ্ট হয়ে যায়। এ অবস্থায় যশোরের কৃষকেরা দীর্ঘদিন ধরে এ জেলায় একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এখানে হিমাগার স্থাপনের উদ্যোগ নেয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) ২০০৭ সালে সমন্বিত উদ্যান উন্নয়ন প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরের উদ্যান উন্নয়ন কেন্দ্রের ক্যাম্পাসে ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার হিমাগার নির্মাণের কাজ শুরু হয়। ঢাকার সিএন্ডএফ ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। প্রতিষ্ঠানটি ২০১০ সালে বিএডিসির কাছে এটি হস্তান্তর করে। এ হিমাগারে সবজির পাশাপাশি ফল-ফুল ও মাছ-মাংস সংরক্ষণ করা যাবে। এখন বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করতে না পারায় এটি চালু করা যাচ্ছে না।

বিএডিসি যশোরের যুগ্ম পরিচালক (উদ্যান) মুসতাক আহমেদ বলেন, হিমাগারটিতে স্থানীয়ভাবে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। কিন্তু সব সময় এ বিদ্যুৎ থাকে না। হিমাগারের জন্য সব সময় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। এ হিমাগারে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০০ কিলোওয়াট ক্ষমতার জেনারেটর প্রয়োজন। বিষয়টি গত মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। শিগগিরই জেনারেটর পাওয়া যাবে।

হিমাগারটি ভাড়া দিতে ইতিমধ্যে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সাত দিন পর্যন্ত শাকসবজি, ফল, ফুল ও মাছ-মাংস সংরক্ষণ করতে পারবেন কৃষক। সে জন্য হিমাগারে রাখার প্রথম দিন থেকে সাত দিন পর্যন্ত প্রতি ঘণ্টায় কেজিপ্রতি ১৫ পয়সা করে ভাড়া দিতে হবে। আর সাত দিনের ঊর্ধ্বে হলে ১০ টনের বেশি পণ্যের ক্ষেত্রে প্রতি কেজি ১২ পয়সা করে ভাড়া দিতে হবে। কৃষকেরা জানান, এ খরচ দিয়ে পণ্য সংরক্ষণ করা তাঁদের পক্ষে বেশ কঠিন হবে।

এ ব্যাপারে যশোরের গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম জানান, ‘ফুলচাষিদের মূলত বীজ সংরক্ষণের জন্য হিমাগার দরকার হয়। হিমাগারে কমপক্ষে ৯০ দিন বীজ সংরক্ষণ করতে হবে। এ সময়ের জন্য সবজি হিমাগারে বীজ সংরক্ষণের জন্য ৮০ কেজির এক বস্তায় খরচ হবে দুই হাজার টাকা। অথচ দেশের অন্যান্য আলু সংরক্ষণের হিমাগারে ৯০ দিনে একই পরিমাণ পণ্য রাখতে খরচ হচ্ছে ৩০০ টাকা। এ জন্য আমরা মনে করছি এ হিমাগার থেকে কৃষক কোনো সুফল পাবে না।’

এ বিষয়ে বিএডিসির কর্মকর্তা মুসতাক আহমেদ বলেন, দেশের অন্য হিমাগারের সঙ্গে সমন্বয় করেই ভাড়া নির্ধারণ করা হয়েছে।