বিকল্প বিদ্যুৎ লাইনে পবিসের ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপকেন্দ্রের বিকল্প উৎস লাইনে কমলগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ভাগ বসানোয় কুলাউড়াসহ আশপাশের জুড়ী এবং বড়লেখা উপজেলার প্রায় ৩০ হাজার গ্রাহক দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিডিবির সিলেটের ফেঞ্চুগঞ্জ উপকেন্দ্র এবং শ্রীমঙ্গলের গ্রিড উপকেন্দ্র থেকে টানা ৩৩/১১ কেভি (কিলোভোল্ট) দুটি উৎস লাইনের মাধ্যমে কুলাউড়া উপকেন্দ্র বিদ্যুৎ পায়। ওই দুটি লাইন স্থাপন করেছে পিডিবি। কুলাউড়া উপকেন্দ্র থেকে চারটি ফিডার লাইনের মাধ্যমে তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় পিডিবি ও পবিসের গ্রাহকের সংখ্যা প্রায় ৩০ হাজার। সেখানে বিদ্যুতের প্রতিদিনের চাহিদা প্রায় ২০ মেগাওয়াট। ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া উৎস লাইনটি মূল এবং শ্রীমঙ্গল-কুলাউড়া উৎস লাইনটি বিকল্প হিসেবে ব্যবহূত হয়। সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া লাইনটি হাওর-টিলার ওপর দিয়ে টানানো। সে কারণে ঝোড়োবাতাস ও বজ্রপাতে প্রায়ই এটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় শ্রীমঙ্গল-কুলাউড়া বিকল্প লাইনের ওপর ভরসা করতে হয়। কিন্তু ওই লাইনটির মাঝখান থেকে কমলগঞ্জ পবিস উপকেন্দ্র বিদ্যুৎ নেওয়ায় কুলাউড়া উপকেন্দ্র পর্যাপ্ত বিদ্যুৎ পায় না। ঝোড়োবাতাসে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সর্বশেষ ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় টানা প্রায় ৪৩ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।সূত্র জানায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কমলগঞ্জের পবিস উপকেন্দ্রের জন্য পাঁচ-ছয় বছর আগে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ পর্যন্ত আলাদা একটি উৎস লাইন স্থাপনের কাজ শুরু করে। পরে আর তা সম্পন্ন হয়নি।প্রাকৃতিক দুর্যোগে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া উৎস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে পিডিবির কুলাউড়া উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, লাইনটিতে ত্রুটি খুঁজে মেরামত কাজ সম্পন্ন করতে বেশ সময় লেগে যায়। এ সময়ে শ্রীমঙ্গল-কুলাউড়া উৎস লাইন থেকে দুই মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যায়। সেটা দিয়ে কুলাউড়া শহর ফিডার চালু রাখা যায়। অন্যান্য এলাকা তখন বিদ্যুৎহীন থাকে। পিডিবির সিলেটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রকৌশলী এ টি এম জহিরুল ইসলাম বুধবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তিন উপজেলার গ্রাহকদের দুর্ভোগের কথা জানিয়ে আরইবি কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি। আশা করছি, তারা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন।’