বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধিমালা আগামী মাসে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির (এডিআর) বিধিমালা অাগামী মাসে (জুলাই) হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক৷ গতকাল রোববার জ্যেষ্ঠ সহকারী জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য মধ্যস্থতা দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান৷
রাজধানীর বিয়াম মিলনায়তনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের উদ্যোগে ওই প্রশিক্ষণ কোর্স হয়৷ অনুষ্ঠানে বক্তব্য শেষে বেরিয়ে আসার পর আইনমন্ত্রীকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন৷ সংসদীয় কমিটি তিন গুণ বিচারক নিয়োগের কথা বলেছে, এ বিষয়ে কোনো উদ্যোগ শুরু হয়েছে কি না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এর একটা পদ্ধতি আছে। পদ্ধতি অনুসরণ করলে কিছু সময় লাগবে। আমাদের আর্থিক সামর্থ্য—সেটাও দেখতে হবে। কিন্তু মামলার জট কমানোর জন্য বিচারক বাড়ানোটা নেহাতই প্রয়োজন। সেই দিকটা আমরা লক্ষ্য রেখেই চেষ্টা করছি।’
এর আগে অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দ্রুত ও স্বল্প সময়ে ন্যায়বিচার পাওয়া জনগণের অধিকার। বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় স্বল্প সময়ে ও খরচে বিচারপ্রার্থী জনগণের বিরোধ মেটানো সম্ভব। এ ব্যবস্থা সফল করতে তিনি বিচারক ও আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান৷ তিনি এডিআর ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন৷
আনিসুল হক বলেন, প্রচলিত বিচারব্যবস্থার পাশাপাশি এডিআর পদ্ধতি চালু থাকলে আদালতে মামলাজট কমবে। তিনি জানান, আদালতগুলোতে ২৮ লাখ মামলা বিচারাধীন। এর মধ্যে নিম্ন আদালতে ২৩ লাখের বেশি মামলা বিচারাধীন।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) ওসমান হায়দার বক্তব্য দেন৷