বিকল্প বিরোধ নিষ্পত্তিতে মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান আইনমন্ত্রীর
বিকল্প বিরোধ নিষ্পত্তিতে দেশের জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, আদালতের বাইরে মধ্যস্থতাকারীর সহায়তায় বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এ বিষয়ে দেশের মানুষকে সচেতন করতে হবে।
গতকাল শনিবার সোনারগাঁও হোটেলে আইন মন্ত্রণালয় আয়োজিত দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করা-সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বিকল্প পদ্ধতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মানুষকে আগ্রহী করতে আইনজীবীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিরোধ ও মামলার সংখ্যা বাড়ছে। বিকল্প পদ্ধতিতে এসব বিরোধ নিষ্পত্তি না হলে আদালতের পক্ষে স্বল্প সময়ে তা করা সম্ভব নয়।
আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।