বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রেখে অর্থঋণ আদালত বিল সংসদে পাস
বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা অন্তর্ভুক্ত করে অর্থঋণ আদালত (সংশোধন) বিল ২০১০ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। এ আইনে মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তির বিধান রাখা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিলের ওপর বিরোধী দলের সদস্যদের আপত্তি এবং সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হওয়ার পর বিলটি পাস হয়।বিলটি ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে উত্থাপন করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এক বছরেরও বেশি সময় পর বিলটি পাস হয়েছে। এই বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, ঋণ আদায় সম্পর্কিত নোটিশ জারি, পত্রিকার মাধ্যমে সমন জারি, স্বয়ংক্রিয়ভাবে মালিকানা অর্জন, ডিক্রিকৃত টাকার ওপর সুদ বা মুনাফার হার বৃদ্ধি, সুদ আরোপসহ মামলা পরিচালনা করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো সমাধান করা। এ ছাড়া বিলটি পাস হলে মামলায় দাবি করা বিপুল পরিমাণ অর্থ আদায় আরও সহজ ও ত্বরান্বিত করা।বিরোধ নিষ্পত্তিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, সরকারি ও বেসরকারি ব্যাংক এবং শিল্পমালিকদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে। বিলে বলা হয়েছে, ‘বিভিন্ন সমস্যা সহজ ও দ্রুত সমাধানের অন্যতম উপায় হলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান। এই সহজ, সরল ও সার্বজনীন ধারণাকে সামনে রেখে এই বিলে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’মধ্যস্থতার বিষয়টি উল্লেখ করে আইনের ২২ ধারা প্রতিস্থাপন করে বলা হয়েছে, ‘মামলায় নিযুক্ত আইনজীবীগণ মামলার পক্ষগণের সহিত পরামর্শক্রমে পারস্পরিক সম্মতির ভিত্তিতে অপর একজন আইনজীবী, যিনি কোনো পক্ষ কর্তৃক নিয়োজিত নহেন, অথবা কোনো অবসরপ্রাপ্ত বিচারক, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, অথবা অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে মধ্যস্থতাকারী হিসাবে নিযুক্ত করতে পারিবেন।’মধ্যস্থতার মাধ্যমে কোনো মামলার নিষ্পত্তির আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল বা রিভিশন করা যাবে না। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সম্ভব না হলে আদালত মধ্যস্থতা কার্যক্রমের পূর্ববর্তী অবস্থান হতে মামলার শুনানির কাজ আরম্ভ করবেন।এ আইনে অযথা রিট মামলা করে হয়রানি করার প্রবণতা কমানোর জন্য মামলা করার দিন থেকে দাবি করা টাকা আদায় হওয়ার দিন পর্যন্ত শতকরা ২৫ ভাগ সরল হারে সুদ আরোপের কথা বলা হয়েছে।