বিকল্প ব্যবস্থা ছাড়াই ইজিবাইক বন্ধ, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প কোনো যানবাহনের ব্যবস্থা না করেই খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মহানগরে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু করেছে। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানের কারণে নগরে যানবাহনের তীব্র সংকট দেখা দেয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বেসরকারি সংস্থা উদ্যোগ-এর খুলনার আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, ‘ইজিবাইক অনিয়ন্ত্রিতভাবে চলায় খুবই সমস্যা তৈরি হচ্ছে। চার্জের জন্য ব্যাপক বিদ্যুৎ যাচ্ছিল। নগরে যানজটের সৃষ্টি হচ্ছিল। তাই এটা বন্ধ করা ঠিক আছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এটা বন্ধ করায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।’

প্রশাসনের এই সিদ্ধান্ত বাতিল, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভসহ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে মহানগর ইজিবাইক মালিক-চালক ঐক্য সংগ্রাম পরিষদ ও মহানগর ইজিবাইক মালিক-চালক সমন্বয় পরিষদ।

ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে সময় ১০ নভেম্বর পর্যন্ত বেঁধে দেয় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। কিন্তু ইতিমধ্যে খুলনায় ২০ হাজার ইজিবাইক রয়েছে। এর মধ্যে মাত্র দুই হাজারের নগরের চলার অনুমতি রয়েছে। এখন সেগুলোও আর চলতে পারছে না।

ইজিবাইক মালিক-চালক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘কেএমপির এমন সিদ্ধান্তে ছয়-সাত হাজার শ্রমিক বেকার হতে চলেছেন। সরকারই এসব যানবাহন আমদানির সিদ্ধান্ত দিয়েছিল। আবার তারাই তা বন্ধ করছে। অনেক মানুষ নিজেদের সবকিছু বিক্রি করে এক একটি ইজিবাইক কিনেছে। এখন তাদের আর বেঁচে থাকার পথ থাকবে না। বৈধ উপায়ে লাইসেন্স দিয়ে আমাদের চলাচলের অনুমতি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

কেএমপির সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে সংগ্রাম পরিষদ গতকাল সকালে নগরের শিববাড়ি মোড়ে সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করেন। এতে বক্তব্য দেন মো. সিরাজুল ইসলাম, মো. বাবুল মোল্লা, শেখ এবাদত হোসেন প্রমুখ।

সমন্বয় পরিষদের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন মো. বাবুল মোল্লা, শেখ হারুন-অর রশিদ, মো. রানা, মো. মিন্টু শিকদার, মো. নওশের আলী প্রমুখ।

নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, হঠাৎ করে এভাবে ইজিবাইক বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়তে হয়েছে তাঁদের। অনেকে অফিস-আদালতে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ে সড়কে এসে দেখেন ইজিবাইক নেই। তবে সব থেকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে জেএসসি ও জেডএসসি পরীক্ষার্থীদের। এই সুযোগে ভ্যান ও রিকশাচালকেরা দুই-তিন গুণ ভাড়া আদায় করছেন।

সরেজমিনে গতকাল সোমবার নগরের গল্লামারী, সোনাডাঙা, নিরালা, ময়লাপোতা, শিববাড়ি, পিটিআই মোড় ঘুরে দেখা গেছে, নগরের অনেক বাসিন্দা ইজিবাইকের জন্য অপেক্ষা করছে। অনেকে ইজিবাইক ও রিকশা না পেয়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিচ্ছে।

নগরের শিববাড়ি মোড়ে দাঁড়িয়ে কলেজ শিক্ষার্থী মনির শেখ বলেন, ‘বেশ কিছুদিন রিকশার দাপট থেকে বেঁচেছি। অল্প খরচে ইজিবাইকে চলাচল করেছি। আজ আধা ঘণ্টা অপেক্ষা করেও খালিশপুরে যাওয়ার যানবাহন পাচ্ছি না। আমরাই এখন বিপদে আছি।’

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ওয়াসিকুর রহমান বলেন, ‘যা ইনকাম করি, তা তো এখন রিকশায় দিতে হবে। গণপরিবহনের ব্যবস্থা না করে নগরে ইজিবাইক বন্ধে আমরাই বিপদে আছি। দ্রুত অন্য যানবাহনের ব্যবস্থা করা হোক, না হলে তো আমাদের দুর্ভোগ আর কমবে না।’

বেসরকারি ব্যাংক কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, ‘পূর্ব কোনো ঘোষণা নেই, ইচ্ছে হলো তো গাড়ি বন্ধ করে দিলাম। এখন আমরা অফিসে যাব কী করে। এই সুযোগে রিকশা দ্বিগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে। ময়লাপোতা থেকে পিকচার প্যালেস ১৫ টাকা ভাড়া, তারা চাচ্ছে ৩০ টাকা।’

কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনা ও যানজট এড়াতে আদালতের আদেশের পর আজ (সোমবার) থেকে খুলনায় এ অভিযান শুরু করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।’