বিকল্প ব্যবস্থা না করায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণক্ষমতার তিন গুণ যাত্রী পরিবহনের দায়ে গত শনিবার রাতে বরিশাল-ঢাকা নৌপথে পূবালী-১ নামের একটি লঞ্চকে আটক করে চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিল করা হয়। কিন্তু গন্তব্যে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা না করে লঞ্চটি আটকে রাখায় বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তির শিকার হন। তাঁদের সারা রাত বরিশাল নৌবন্দরে আটকে থাকতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার রাতে পিরোজপুর থেকে ছেড়ে আসা পূবালী-১ লঞ্চটি ঢাকায় যাচ্ছিল। রাত ১০টার দিকে বরিশাল নৌবন্দর অতিক্রম করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ সদস্য এবং বিআইডব্লিউটিএর লোকজন স্পিডবোট নিয়ে ওই লঞ্চটি আটক করে বরিশাল বন্দরে নিয়ে আসেন। পরে লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয়।
বন্দর কর্তৃপক্ষ ও নৌপুলিশ জানায়, সার্ভে সনদ অনুযায়ী লঞ্চটির ধারণক্ষমতা রয়েছে ৬৪৪ জন। কিন্তু দুই হাজারের বেশি যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকা যাচ্ছিল। এ কারণে রুট পারমিট বাতিল করা হয়েছে।
লঞ্চের যাত্রী আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই করেছেন লঞ্চমালিকেরা। এর দায় কেন যাত্রীরা টানবেন। মাঝপথে দুই হাজার যাত্রী যে চরম দুর্ভোগে পড়েছেন। তাঁদের পৌঁছানোর ব্যবস্থা না করে লঞ্চ আটকে দেওয়া হয়েছে। ঢাকায় কীভাবে পৌঁছাবেন—সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আরেক যাত্রী আজিজুর রহমান বলেন, ঈদের ছুটি শেষ। রোববার কর্মস্থলে যোগদান করতে হবে। ঢাকায় পৌঁছাতে না পারলে সমস্যা দেখা দেবে। একই রকম সমস্যার কথা বলেন আরও কয়েকজন যাত্রী। শনিবার সারা রাত লঞ্চটির বেশির ভাগ যাত্রীকে বন্দরে নির্ঘুম রাত কাটাতে হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের উপস্থিতিতে লঞ্চটি বরিশাল নৌবন্দরে আনা হয়। তবে যাত্রা বাতিল, রুট পারমিট বাতিলসহ সব কাজ করেছে বন্দর কর্তৃপক্ষ। এখানে আমাদের কিছু করার ছিল না।’
গতকাল রোববার বন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে চলাচল করায় লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয়েছে। এ কারণে লঞ্চটি ঢাকায় যেতে পারেনি। লঞ্চযাত্রীদের ঢাকায় পৌঁছানোর বিকল্প কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাঁদের কিছুটা সমস্যা হয়েছে। তবে রাতেই অনেক যাত্রী বিকল্প পথে ঢাকা গেছেন। বাকিরা গতকাল সকালে সড়কপথে চলে গেছে।