বিকল্প ব্যবস্থা না করেই সেতু সংস্কার শুরু, চলাচল বন্ধ
গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের মানস সেতু সংস্কারকাজ চললেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সাত দিন ধরে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু লোকজন এই সেতু দিয়েই ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছে। এ কারণে যেকোনো সময়ে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। গত ২৩ মে সেতু এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের দুর্ভোগের চিত্র। গাইবান্ধা শহর থেকে ছয় কিলোমিটার দূরে সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় মানস নদের ওপর এই সেতু। সংস্কারের জন্য সেতুর দক্ষিণ প্রান্তে পাটাতনের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। তুলে ফেলা হয়েছে অবশিষ্ট অংশের উপরিভাগ। এ কারণে গত ১৮ মে থেকে গাইবান্ধা থেকে সরাসরি সুন্দরগঞ্জ ও রংপুরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গাইবান্ধা থেকে সেতু পর্যন্ত বাস চলাচল করছে। এরপর সুন্দরগঞ্জগামী যাত্রীদের হেঁটে সেতু পার হয়ে ওপারে গিয়ে বাসে উঠতে হচ্ছে। দাড়িয়াপুর কিয়ামত উল্লা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, সেতুর পাশেই দারিয়াপুরহাট। এ কারণে সেতুতে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। উপরন্তু বিকল্প ব্যবস্থা না করে সংস্কারকাজ শুরু করায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষত স্কুল-কলেজগামী ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছে। দারিয়াপুর গ্রামের ব্যবসায়ী হারুন মিয়া বলেন, গাইবান্ধা ও রংপুর থেকে ট্রাকযোগে এখানে মালামাল আনা হয়। কিন্তু সেতু বন্ধ থাকায় মালামাল পরিবহন বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। ঘাঘোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ও সদর উপজেলার দুটি ইউনিয়নের অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ এই সেতু দিয়ে জেলা শহরে যাতায়াত করেন। এ ছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের তুলনায় এই সড়ক দিয়ে রংপুর যাতায়াতে ১০ কিলোমিটার পথ কম। কিন্তু হঠাৎ করে কেন সংস্কারকাজ শুরু করা হলো, তা আমার বোধগম্য হচ্ছে না। সড়ক বিভাগের খামখেয়ালির কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে।’ সওজ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম বলেন, বিকল্প সড়ক নির্মাণে পাঁচ থেকে ছয় কোটি টাকা দরকার। কিন্তু এই খাতে বরাদ্দ পাওয়া দুষ্কর। তাই বিকল্প ব্যবস্থা না রেখেই সংস্কারকাজ করা হচ্ছে। সেতুটি পুনর্নির্মাণ হবে—তার পরও কেন সংস্কার করা হচ্ছে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বার্ষিক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এ কাজ করা হচ্ছে।