চট্টগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপের হরিশপুর নৌপথে চলাচলকারী চারটি জাহাজ অচল হয়ে পড়ার চার দিনেও বিকল্প ব্যবস্থায় যাত্রী পারাপারের কোনো উদ্যোগ নেয়নি বিআইডব্লিউটিসি। এ পরিস্থিতিতে এই পথের যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।প্রসঙ্গত, গত শনিবার নগরের সদরঘাট থেকে যাত্রা শুরুর দেড় ঘণ্টা পর ৯৮১ জন যাত্রী নিয়ে এমভি মনিরুল হক জাহাজটি বিকল হয়ে পড়ে। এর আগে এই নৌপথে চলাচলরত তিনটি জাহাজই পর্যায়ক্রমে বিকল হয়ে যায়। এ কারণে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ও হাতিয়ার যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখন পণ্যবাহী ট্রলারে করে সাতটি ঘাট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা এই নৌপথে চলাচল করছে। এ পরিস্থিতিতে সন্দ্বীপ অধিকার কমিটি সদরঘাট থেকে হরিশপুর ঘাটে বিকল্প ব্যবস্থায় সি-ট্রাক চালুর দাবি জানিয়ে আসছিল। সংগঠনের সভাপতি জসীম উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, দুটি করে সি-ট্রাক চালু করলে যাত্রীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। তবে স্থায়ী সমাধান হিসেবে এই পথে জাহাজ চালুর বিকল্প নেই। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, অচল জাহাজের ত্রুটি এখনো শনাক্ত করা যায়নি। জাহাজের ইঞ্জিন সরবরাহকারী স্থানীয় প্রতিনিধিরা এখন ত্রুটি শনাক্ত করতে কাজ করছেন।বিআইডব্লিউটিসির চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক নুরুল আলম আকন্দ প্রথম আলোকে বলেন, জাহাজ মেরামত না হওয়া পর্যন্ত এই নৌপথে সি-ট্রাক চালুর অনুমতি চেয়ে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবের অনুমোদন পেলে বিকল্প ব্যবস্থা চালু হতে পারে। এদিকে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন জরুরি ভিত্তিতে জাহাজসেবা চালুর দাবি জানিয়েছেন। চট্টগ্রামস্থ সন্দ্বীপ আওয়ামী পরিবার এক বিজ্ঞপ্তিতে এই পথে দ্রুত জাহাজ চালুর দাবি জানিয়েছে।