বিকল্প রাজনৈতিক বলয়ের আহ্বান সিপিবি-বাসদের
আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক জোট-মহাজোটের বাইরে বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার আহ্বান জানিয়ে আগামীকাল শনিবার থেকে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা, জামায়াত-শিবির নিষিদ্ধ করা, রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিল ও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতেও এ কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিকেল চারটায় মিরপুর গোল চত্বর, মোহাম্মদপুর টাউন হল, শনির আখড়া ও শান্তিনগর মোড়ে পদযাত্রা বের করা হবে। রোববার সারা দেশে গণ-অভিযান কর্মসূচি পালন করা হবে। এ জন্য ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা চারটি দলে ভাগ হয়ে ঝটিকা সফরে বের হবেন। সফরকালে তাঁরা জনসভা, সমাবেশ ও পথসভায় বক্তব্য দেবেন এবং গণসংযোগ করবেন। ৮ নভেম্বর বেলা তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে।
১১ দলের সঙ্গে বৈঠক
সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ ও চলমান রাজনৈতিক সংকট নিরসনে আজ শুক্রবার ১১ দলের সঙ্গে বৈঠক করেছেন সিপিবি ও বাসদের নেতারা। সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-হেফাজত জঙ্গি গোষ্ঠীর তত্পরতা ভয়ংকর আকারে দেখা দিয়েছে। দেশের মধ্যে তারা মুক্তিযুদ্ধের অর্জন নস্যাত্ করার তত্পরতায় লিপ্ত। বৈঠকে এ অবস্থার অবসানে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা এ সময়ের জরুরি কর্তব্য। এজন্য দ্রুত পরস্পরের আলোচনার উদ্যোগ গ্রহণ ও সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়।
বৈঠকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান, গণআজাদী লীগের সভাপতি আবদুস সালাম, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য ধীরেন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।