বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান সিপিবির
আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।সিপিবির কেন্দ্রীয় কমিটির তিন দিনব্যাপী সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এই আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সভার প্রস্তাবে বলা হয়, আওয়ামী লীগ ও বিএনপির বাইরে মুক্তিযুদ্ধের পক্ষের সব বামপন্থী, প্রগতিশীল, উদার গণতন্ত্রী, দেশপ্রেমিক, সৎ ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন দল, শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। কমিটির সভায় গৃহীত অন্যান্য প্রস্তাবে বলা হয়েছে, সংশোধিত শ্রম আইনে শ্রমিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে এবং মালিকের স্বার্থ প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে শিল্প, শ্রমিক ও জাতীয় স্বার্থ নষ্ট হয়েছে। এই আইন নির্বাচনের আগে আওয়ামী লীগের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে পাস করা হয়েছে। সভার প্রস্তাবে শ্রম আইন ২০১৩ বাতিল করে নতুন শ্রম আইন প্রণয়ন করার দাবি জানানো হয়। প্রস্তাবে টিক্ফা সম্পাদন এবং সুন্দরবনের জন্য হুমকি রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র ও পাথরঘাটায় জাহাজভাঙা শিল্প স্থাপন বন্ধ, অসহনীয় দ্রব্যমূল্য রোধ, খাদ্যে ফরমালিন, রাসায়নিক দ্রব্য প্রয়োগ বন্ধ করারও দাবি জানানো হয়েছে।জাতীয় পরিষদের সভা: সিপিবির জাতীয় পরিষদের সভা আজ শুক্রবার বেলা ১১টায় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে জাতীয় পরিষদের সদস্যরা এই সভায় যোগ দেবেন।