বিকল্প রাস্তা না করেই ভাঙা হলো সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প রাস্তা তৈরি না করে পাবনা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ সেতু দুটি ভেঙে ফেলা হয়েছে। এ কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে শহরবাসী। স্থানীয় সাংসদ প্রায় এক মাস আগে নতুন দুটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইছামতী নদী পাবনা শহরের বাসিন্দাদের দুই ভাগে বিভক্ত করে রেখেছে। দুই পারের বাসিন্দাদের যোগাযোগের জন্য আশির দশকে জেলা পরিষদ শহরের রূপকথা সড়ক, খেয়াঘাট সড়ক, কাছারিপাড়া-সাধুপাড়া সংযোগ সড়ক এবং ভাঙ্গাকালীবাড়ী এলাকাসহ ছয়টি স্থানে পাকা সেতু নির্মাণ করে। অতিরিক্ত চাপে সেতুর রেলিং ভেঙে যাওয়ায় ও ওপরের অংশে গর্ত তৈরি হওয়ায় পাবনা পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি রূপকথা সড়ক ও কাছারিপাড়া-সাধুপাড়া সংযোগ সড়কের দুটি সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর এলাকাবাসী ঝুঁকি নিয়ে ওই সেতু দুটি দিয়ে চলাচল করতে থাকেন। কাছারিপাড়া-সাধুপাড়া সংযোগ সড়কের কদমতলা সেতুর রেলিং, ওপরের অংশ (পাটাতন) ও পিলার ভেঙে যায়। রেলিংয়ের বদলে এক পাশে দেওয়া হয় বাঁশের বেড়া। একপর্যায়ে এলাকাবাসী পুরোনো সেতু দুটি ভেঙে নতুন সেতু তৈরির দাবি জানান। এ নিয়ে গত ৪ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘পাকা সেতুতে বাঁশের বেড়া, পাবনা শহরবাসীর ভোগান্তি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সেতু দুটির পুনর্নির্মাণ প্রকল্পটি অনুমোদিত হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পুরোনো সেতু দুটি ভেঙে ফেলা হয়। ওই সময়ে চার কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নতুন দুটি সেতু তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ গোলাম ফারুক খন্দকার। কিন্তু সেতু এলাকায় বিকল্প কোনো রাস্তা তৈরি না করায় নতুন করে ভোগান্তিতে পড়েন শহরবাসী।
সেতু এলাকার বাসিন্দারা জানান, কোথাও পুরোনো সেতু ভাঙলে জনসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি করা হয়। কিন্তু এই দুটি সেতুর ক্ষেত্রে তা করা হয়নি। এ কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষদের অনেক কষ্ট করে ময়লা-আবর্জনার মধ্য দিয়ে নদী পার হতে হচ্ছে। অনেকেই যানবাহন নিয়ে প্রায় এক কিলোমিটার এলাকা ঘুরে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। অপর দিকে এক মাস আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু করা হয়নি। ঝড়-বৃষ্টি শুরু হলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সেতু দুটি ভেঙে ফেলায় পুরো জায়গাটি ফাঁকা রয়েছে। সেখানে নির্মাণকাজ শুরু করার কোনো আলামত নেই। স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ময়লা-আবর্জনা মাড়িয়ে নদী পার হচ্ছেন। শহরের পৈলানপুর মহল্লার বাসিন্দা কৃষিবিদ জাফর সাদেক জানান, রূপকথা সড়কের সেতুটি দিয়ে প্রায় সাতটি মহল্লার বাসিন্দারা শহরের যাতায়াত করে থাকেন। সেতুটি ভাঙার পর থেকে এসব মহল্লার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। দ্রুত সময়ে সেতুটির নির্মাণকাজ শেষ করা না হলে বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরও বাড়বে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী তবিবুর রহমান বলেন, এলজিইডির তত্ত্বাবধানে সেতু দুটি নির্মাণ করা হবে। বিকল্প সড়ক তৈরির দায়িত্ব তাদেরই।
এলজিইডির পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, সেতু এলাকায় জায়গা না থাকায় বিকল্প রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়ে গেছে দাবি করে তিনি বলেন, ছয় মাসের মধ্যে কাজ হয়ে যাবে।