বিকল্প শিশুখাদ্য গ্রহণে শিশুর মৃত্যু হলে শাস্তির সুপারিশ
বিকল্প শিশুখাদ্য ও বাণিজ্যিকভাবে উত্পাদিত শিশুখাদ্য গ্রহণে কোনো শিশুর মৃত্যু বা স্বাস্থ্যহানি ঘটলে অথবা শিশু অসুস্থ হলে খাদ্য সরবরাহ বা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
এজন্য কমিটি সংসদে উত্থাপিত ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ, ইত্যাদি)’ বিলে এ-সম্পর্কিত একটি বিধান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
গত ১৬ জুলাই ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ, ইত্যাদি) বিল-২০১৩’ সংসদে উত্থাপিত হয়। পরে এটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, বিকল্প শিশুখাদ্য গ্রহণের পর কোনো শিশুর ক্ষতি হলে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান বিলে নেই। তাই সংসদীয় কমিটি বিলে দণ্ডবিধি অনুযায়ী জরিমানা ও ক্ষতিপূরণ আদায়সহ অন্যান্য শাস্তির বিধান রাখতে বলেছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বিকল্প শিশুখাদ্য, শিশুর বাড়তি খাদ্য মায়ের দুধের বিকল্প—এমন ধারণা দিয়ে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এ ছাড়া বিকল্প শিশুখাদ্যের ওপর যেকোনো ধরনের বিজ্ঞাপন এবং শিশুখাদ্যের মোড়কে শিশু বা মায়ের ছবির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান এবং মোহাম্মদ আমানউল্লাহ, জেড আই এম মোস্তফা আলী ও আমানুর রহমান খান অংশ নেন।