বিকল্প শিশুখাদ্যের প্রচারণার শাস্তি তিন বছর কারাদণ্ড

বিকল্প শিশুখাদ্য হিসেবে ব্যবহূত যেকোনো ধরনের কৌটাজাত বা প্যাকেটজাত গুঁড়ো দুধ, কৃত্রিম শিশুখাদ্য ব্যবহারের সরঞ্জামাদির জন্য বিজ্ঞাপন তৈরি, প্রদর্শনী, বিতরণ, প্রচার বা প্রকাশ করলে শাস্তি হবে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
আইন অনুযায়ী, ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন, নিয়ন্ত্রণ ইত্যাদি) আইন ২০১৩’ শীর্ষক আইনে রেজিস্ট্রেশন ছাড়া প্রক্রিয়াজাত অথবা কোনো প্যাকেটজাত বা কৌটাজাত শিশুখাদ্য আমদানি, বিতরণ, সংরক্ষণ ও বিক্রির চেষ্টা বা বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা যাবে না বলে বিধান রাখা হয়েছে। এই আইন ভাঙলে উল্লিখিত শাস্তি হবে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ওই আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।
ওই আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি আবার একই অপরাধ করেন, তাহলে সর্বোচ্চ যে দণ্ড রয়েছে, তার দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন। নতুন আইনে প্রতিষ্ঠানকেও শাস্তির আওতায় আনার বিধান রাখা হয়েছে।
এর আগের কৌটাজাত/প্যাকেটজাত গুঁড়া দুধ বা কৃত্রিম শিশুখাদ্য (বাজারজাতকরণ নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী এ শাস্তির পরিমাণ ছিল দুই বছরের জেল অথবা পাঁচ হাজার টাকা জরিমানা।
১৯৮১ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ‘ইন্টারন্যাশনাল কোড অব ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউটস’ অনুমোদন করে। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালার আলোকে ১৯৮৪ সালে অধ্যাদেশটি জারি করে। এ অধ্যাদেশে ছয় মাস বয়স পর্যন্ত শিশুর পুষ্টি ও দেহের জন্য মাতৃদুগ্ধই একমাত্র উত্কৃষ্ট খাবার, এর কোনো বিকল্প নেই—এ বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে এ অধ্যাদেশে ১৯৯০ সালে কিছু সংশোধনী আনা হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন একটি আইন তৈরির প্রক্রিয়া শুরু হয় প্রায় তখন থেকেই।
নতুন আইন অনুযায়ী, বিকল্প শিশুখাদ্য হিসেবে ব্যবহূত যেকোনো ধরনের কৌটাজাত বা প্যাকেটজাত গুঁড়ো দুধ, কৃত্রিম শিশুখাদ্য ব্যবহারের সরঞ্জামাদির জন্য বিজ্ঞাপন তৈরি, প্রদর্শনী, বিতরণ, প্রচার বা প্রকাশ করা যাবে না। আইন অনুযায়ী, রেজিস্ট্রেশন ছাড়া প্রক্রিয়াজাত অথবা কোনো প্যাকেটজাত বা কৌটাজাত শিশুখাদ্য আমদানি, বিতরণ, সংরক্ষণ ও বিক্রির চেষ্টা বা বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা যাবে না।
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন ফোনে প্রথম আলো ডটকমকে বলেন, এ আইনের ফলে মায়ের দুধের যে কোনো বিকল্প হয় না, এ বিষয়ে মানুষের সচেতনতা বাড়বে। এতে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে আগ্রহ বাড়বে। এ ছাড়া, আইনটির একটি ভালো দিক হলো, এতে বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এই আইন প্রণয়ন কমিটির সদস্য শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আন্তর্জাতিক আইন ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানের আইনটি করা হয়েছে।
আইনে কোন প্রক্রিয়ায় বা কীভাবে কৃত্রিম শিশুখাদ্য বাজারজাত করা যাবে, তা স্পষ্ট করে বলা আছে। কৌটার গায়ে বা ভেতরে রাখা কোনো তথ্যনির্দেশিকায় শিশুর ছবি বা এ ধরনের অন্য কোনো ছবি বা লেখা ব্যবহার করা যাবে না, যাতে করে প্রক্রিয়াজাত কৃত্রিম শিশুখাদ্যের ব্যবহারকে আদর্শ হিসেবে মনে করা হয়।
আইন অনুযায়ী, আইনের আওতায় দায়ের করা ও বিচারাধীন মামলার বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে। এ আইনের অধীনে অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য হবে। সদস্য, কোনো সংস্থা বা প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হলে রায় বা আদেশের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর বিধান অনুসারে আপিল করতে পারবে।
বাংলাদেশের অবস্থা
২০০১ সালে অনুষ্ঠিত ৫৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে শিশুকে জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানোর প্রস্তাব গৃহীত হয়। এ প্রস্তাবের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০০৩ সালের ৩১ মার্চ শিশুর জন্ম-পরবর্তী প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ এবং এর পর থেকে দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি সহায়ক খাদ্য খাওয়ানোর সরকারি আদেশ জারি হয়।
সর্বশেষ বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০১১ অনুযায়ী, ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ দেওয়ার হার আগের দশকের শতকরা ৪৩-৪৫ ভাগ থেকে অপ্রত্যাশিতভাবে ৬৪ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে সঠিকভাবে বাড়তি খাবার দেওয়া হচ্ছে মাত্র শতকরা ২১ ভাগ শিশুকে।
বিশ্বে মাতৃদুগ্ধ পানের প্রবণতার ধারাবাহিক মূল্যায়ন বা ডব্লিউবিটিআই পর্যালোচনায় বাংলাদেশে শিশুর খাবারের অবস্থার রিপোর্ট কার্ড ২০১২ অনুযায়ী দেশটি পেয়েছে ১৫০ নম্বরের মধ্যে ১১০.৫ নম্বর। ১৩৬ থেকে ১৫০ নম্বর পেলে তা সবুজ রং নির্দেশ করে। ৯১ থেকে ১৩৫ হলে নীল রং, ৪৬ থেকে ৯০ হলে হলুদ এবং ০ থেকে ৪৫ নম্বর পেলে তা লাল রং নির্দেশ করে।
গত ডিসেম্বরে ভারতের হ্যাবিটেট সেন্টারের স্টেইন মিলনায়তনে (নয়াদিল্লিতে) অনুষ্ঠিত প্রথম বিশ্ব মাতৃদুগ্ধ সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন। দি ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক (আইবিএফএএন) ও ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশন (ডব্লিউএবিএ) আয়োজিত এ সম্মেলনেরও মূল প্রতিপাদ্য ছিল ‘শিশুদের প্রয়োজন মায়ের তৈরি খাবার, মানুষের তৈরি খাবার নয়’।
বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সভাপতি এস কে রায় প্রথম আলো ডটকমকে বলেন, বর্তমানের আইনে আন্তর্জাতিক নীতিমালার প্রায় বেশির ভাগ ধারাই অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনে জরুরি ও দুর্যোগপূর্ণ অবস্থাতেও কেউ বিকল্প শিশুখাদ্য বিতরণ করতে পারবে না বলে স্পষ্ট করা হয়েছে। শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া বা পাওয়ার ক্ষেত্রেও আইনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুগান্তকারী এ আইনটি যাতে দ্রুত জাতীয় সংসদে পাস হয়, তার দাবি জানান এস কে রায়।