বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে। বিকল্প শিশুখাদ্য মায়ের দুধের বিকল্প—এমন ধারণা দিয়ে কোনো কর্মসূচিও পরিচালনা করা যাবে না। মায়ের দুধের বিকল্প শিশুখাদ্য ও শিশুর জন্য বাণিজ্যিকভাবে তৈরি বাড়তি খাদ্যের বিপণনও নিয়ন্ত্রিত হবে। এসব বিধান রেখে ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ ইত্যাদি) বিল-২০১৩’ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের পক্ষে প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির বিলটি উত্থাপন করেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত করা শিশুর বাড়তি খাদ্য এবং এই খাদ্য ব্যবহারের সরঞ্জাম-সংক্রান্ত সব বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিকল্প শিশুখাদ্য বিক্রির ব্যাপারে উৎসাহিত করতে কাউকে উপহার, মূল্যছাড়, সভা-সেমিনার আয়োজন, শিশুদের জন্য প্রতিযোগিতা বা অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে শিশুখাদ্যের মোড়কে শিশু বা মায়ের ছবির ব্যবহার। এসব বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ আইনের অপরাধ মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী বিচার করার বিধান রাখা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ১৯৮১ সালের ২১ মে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনের প্রেক্ষাপটে ১৯৮৪ সালে দ্য ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউটস (রেগুলেশন অব মার্কেটিং) অধ্যাদেশ জারি করা হয়। ইতিমধ্যে বুকের দুধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বেড়েছে। অপর দিকে প্রয়োগের ক্ষেত্রে অধ্যাদেশটির কিছু সীমাবদ্ধতাও পরিলক্ষিত হচ্ছে। যে কারণে অধ্যাদেশটি শিশুখাদ্য খাদ্য বিপণন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা বিল: এ ছাড়া গতকাল মঙ্গলবার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল-২০১৩ সংসদে উত্থাপিত হয়। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বিলটি উত্থাপন করলে তা যাচাই করে প্রতিবেদন দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে অটিজম, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, শারীরিক প্রতিবন্ধিতা, দৃষ্টিপ্রতিবন্ধিতা, বাক্প্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শ্রবণপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, বহুমাত্রিক প্রতিবন্ধিতাসহ অন্যান্য প্রতিবন্ধিতাকে প্রতিবন্ধিতার ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার হিসেবে সব ক্ষেত্রে সমান আইনি স্বীকৃতি, স্বাধীন মত প্রকাশ, প্রবেশগম্যতা, সমন্বিত শিক্ষায় অংশগ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মে নিযুক্তি, সংস্কৃতি ও ক্রীড়া কর্মকাণ্ডে অংশগ্রহণ ইত্যাদি বিষয়কে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, গণপরিবহনে মোট আসনের পাঁচ শতাংশ আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে প্রতিবন্ধিতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীর ভর্তির আবেদন প্রত্যাখ্যান করা যাবে না। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংরক্ষণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
বিলের অপরাধ ও দণ্ড অধ্যায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রতিবন্ধিতার কারণে কোনো প্রতিবন্ধী ব্যক্তির আইনের আশ্রয় লাভে বাধা দিলে, প্রতিবন্ধী ব্যক্তিকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করলে, কোনো প্রতিবন্ধী ব্যক্তির সম্পদ আত্মসাৎ করলে এবং প্রকাশনা ও গণমাধ্যমে প্রতিবন্ধী সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান আছে। এ ছাড়া কোনো ব্যক্তি অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিবন্ধিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানাযোগ্য অপরাধে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি জালিয়াতির মাধ্যমে পরিচয়পত্র তৈরি করলে তা সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানাযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বিল পাস: অংশীদারি ব্যবসার মাশুলের (ফি) হার বৃদ্ধির প্রস্তাব রেখে পার্টনারশিপ (সংশোধন) বিল-২০১৩ এবং সোসাইটি নিবন্ধনের মাশুল বাড়াতে সোসাইটিজ রেজিস্ট্রেশন (সংশোধন) বিল-২০১৩ গতকাল সংসদে পাস হয়েছে। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত থাকায় তাঁদের দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব উত্থাপন হয়নি।