বিকল্প সেতু বিধ্বস্ত পারাপারে ভোগান্তি
নালিতাবাড়ী-শেরপুর সড়কের শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড়ে চেল্লাখালী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ চলছে ঢিমেতালে। এতে নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর সেতুর পাশে নির্মিত একটি বিকল্প বাঁশের সেতু পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ায় লোকজনের নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার কলসপাড়, বাঘবেড় ও জোগানিয়া ইউনিয়নের লোকজন গোল্লারপাড় সেতুর ওপর দিয়ে শেরপুর যাতায়াত করত। ২০০৭ সালে পাহাড়ি ঢলের তোড়ে ওই সেতুটি দেবে যায়। এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছ থেকে ঠিকাদারি পেয়ে ২০০৮ সালের জুনে ওই স্থানে একটি সেতুর নির্মাণকাজ শুরু করে মেসার্স ভুঁইয়া কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান। ৪৫ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণের ব্যয় ধরা হয় এক কোটি ৪৩ লাখ ৫৫ হাজার টাকা। চলতি বছরের জুনে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে কাজের মাত্র ৫০ ভাগ শেষ হয়েছে। সেতুটির নির্মাণকাজ শুরুর সময় ঠিকাদার পাশেই বাঁশের একটি বিকল্প সেতু নির্মাণ করে দেন। গত ১৪ এপ্রিল পাহাড়ি ঢলে বিকল্প সেতুটি ভেসে যাওয়ায় নদী পার হতে লোকজনের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সেতু না থাকায় স্থানীয় কৃষকেরা উত্পাদিত কৃষিপণ্য উপজেলা সদরে নিয়ে বিক্রি করতে পারছেন না। স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়ে কৃষকেরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।গোল্লারপাড় গ্রামের কৃষক আব্দুর রহমান (৫০) বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে তিন বছর ধরে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ভুঁইয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী নাসির হোসেন বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে নদীতে পানি বাড়ায় কিছু দিন কাজ করতে সমস্যায় পড়তে হয়েছে। বর্তমানে কাজ চলছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ শেষ হবে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নালিতাবাড়ী উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, নদীতে পানি বাড়ায় হয়তো যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হবে না। যত শিগগির সম্ভব সেতুর কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে।