
চলাচলের বিকল্প সড়ক তৈরি না করেই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ-জিরতলী সড়কের একটি কালভার্ট পুননির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছে। প্রায় দুই মাস আগে কালভার্টটি ভাঙার পর বৃষ্টির অজুহাতে এর নির্মাণকাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এতে সড়কটি দিয়ে চলাচলকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয়রা জানান, রাজগঞ্জ-জিরতলী সড়কটি দিয়ে রাজগঞ্জ এলাকার লোকজন সহজে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে ওঠতে পারেন। বিকল্প সড়ক তৈরি না করে কালভার্টটি ভেঙে ফেলায় রাজগঞ্জ-জিরতলী সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ওই রাস্তায় চলাচলকারীরা এখন প্রায় এক কিলোমিটার ঘুরে রাজগঞ্জ বাজারের ভেতর দিয়ে আরেকটি সড়ক দিয়ে যাতায়াত করছেন। দুই মাসেও কালভার্ট পুননির্মাণের কাজ এগোয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রাজগঞ্জ পূর্ব বাজার থেকে উত্তর দিকে জিরতলী সড়কের মুখের কালভার্টটির ওপরের অংশ ভাঙা পড়ে আছে। যানবাহন চলাচল বন্ধ। স্থানীয় লোকজন পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরি করে নিয়েছেন।
রাজগঞ্জ এলাকার বাসিন্দা ও ভ্যান চালক মো. সিরাজ বলেন, কালভার্টটির কিছু অংশ ভাঙা ছিল। ঝুঁকি নিয়ে হলেও অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে পারতো। কিন্তু পুননির্মানের জন্য ভেঙে ফেলায় এখন চলাচলই বন্ধ।
রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত করে। বিকল্প সড়ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের চলাচলের সুবিধার্থে এই কালভার্টটির নির্মাণকাজ দ্রুত শেষ করা খুবই জরুরি।
কালভার্টটির নির্মাণকাজ শুরু করতে আরও পাঁচ মাস সময় লাগবে বলে জানিয়েছেন ঠিকাদার মো. ইসমাইল। প্রথম আলোকে তিনি বলেন, কালভার্টটির বিকল্প রাস্তা নির্মাণের কোনে আদেশ পাননি তিনি। নির্মাণকাজ শুরু করতে গিয়ে একাধিকবার রিং বাঁধ নির্মাণ করেছেন, কিন্তু বৃষ্টির কারণে রাখতে পারেননি। খালে পানি বেশি হওয়ায় কাজ বন্ধ রেখেছেন। বর্ষার পর আগামী নভেম্বর মাসে পুনরায় কাজ শুরু করবেন। বিষয়টি উপজেলা প্রকৌশলীও জানেন।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বেগমগঞ্জ উপজেলার প্রকৌশলী আশরাফ জামিল বলেন, রাজগঞ্জ-জিরতলী সড়ক পাকা করার পাশাপাশি একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই কালভার্টটি পুননির্মাণের কাজ দেওয়া হয়েছে। প্রায় ৮ মিটার দৈর্ঘ্যের কালভার্টটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৯ লাখ টাকা। কিন্তু এসব ছোট কাজে বিকল্প সড়কের জন্য কোনো আলাদা বরাদ্দ থাকে না। ঠিকাদার দুই পাশে ছোট রিং বাঁধ দিয়ে নির্মাণকাজ করেন। এখন খালে পানি বেশি হয়ে যাওয়া কাজ বন্ধ রাখা হয়েছে। পানি কমলে কাজ শুরু হবে।