বিকল্প সড়ক না করে সেতু বন্ধ
বিকল্প সড়ক নির্মাণ না করে ভোলার লালমোহন-মঙ্গলশিকদার সড়কের বেতুয়া খালের ওপরের একটি পুরোনো বেইলি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ওই স্থানে একটি পাকা সেতু নির্মাণের জন্য ঠিকাদার গত মঙ্গলবার এটি বন্ধ করে দেন। এতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার কয়েক হাজার যাত্রী ভোগান্তি পোহাচ্ছেন।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, লালমোহন-মঙ্গলশিকদার সড়কের হরিগঞ্জ বাজার এলাকার বেতুয়া খালের ওপর দুই যুগ আগে নির্মিত বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সওজের ভোলা কার্যালয় প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে ওই সেতুর স্থানে একটি পাকা সেতু নির্মাণ করছে। এটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার ইকবাল হোসেন। তিনি জানুয়ারি মাসে কাজ শুরু করেন।ইতিমধ্যে শ্রমিকেরা সেতুর পিলার নির্মাণের কাজ শেষ করে ফেলেছেন। গত মঙ্গলবার সেতুর ওপরের অংশ ঢালাই করার জন্য শ্রমিকেরা পুরোনো সেতুর স্টিলের পাটাতনগুলো তুলে ফেলেন। এ কাজের জন্য ঠিকাদার সেতুটি বন্ধ করে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকল্প সড়ক নির্মাণ না করায় লালমোহন ও তজুমদ্দিন উপজেলার যাত্রীরা গাড়িতে খালের এক পারে এসে নামেন। পরে তাঁরা খালের মধ্য দিয়ে হেঁটে অপর পারে গিয়ে অন্য গাড়িতে ওঠেন। এতে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেতুর পাশে বিকল্প সড়ক নির্মাণের দাবিতে গত মঙ্গলবার বেলা ১১টার পরে চালকেরা সড়ক অবরোধ করে রাখেন। বিকেলে সড়ক নির্মাণের আশ্বাস পাওয়ার পর তাঁরা অবরোধ তুলে নেন। সওজের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, বিকল্প সড়ক নির্মাণের বাজেট ধরা থাকলেও ঠিকাদার বেশি লাভের আশায় সেটি নির্মাণ করেননি। উল্টো গায়ের জোরে তিনি বেইলি সেতুর পাটাতনগুলো তুলে যাত্রীদের ভোগান্তিতে ফেলেছেন।ঠিকাদার ইকবাল হোসেন বলেন, ‘আমরা বিকল্প সড়ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। আশা করি সড়কের নির্মাণকাজ শেষ হলে সমস্যা থাকবে না।’ তিনি দাবি করেন, স্থানীয়রা জমি না দেওয়ায় যথাসময়ে বিকল্প সড়ক নির্মাণ করা যায়নি।