কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বিকল্প সড়কের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে ৪০ হাজার মানুষ।
গতকাল শুক্রবার সকালে দেখা যায়, জোয়ারের পানি বেড়ে টেকনাফ-শাহপরীর দ্বীপের বিকল্প সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর আগে ২০১২ সালের ২৩ জুলাই পশ্চিমপাড়া এলাকার বেড়িবাঁধের একটি অংশ বঙ্গোপসাগরের জোয়ারের তোড়ে ভেঙে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ২০১৩ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শুরুর দিকে আরেকটি বেড়িবাঁধ বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা শুরু হয়।
টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের অটোরিকশাচালক নুর কালাম বলেন, ‘ভোররাতে যাত্রী নিয়ে টেকনাফ আসি। দুপুরের দিকে যাওয়ার সময় বিকল্প সড়ক (বেড়িবাঁধ) ডুবে যাওয়ায় আটকা পড়ে গেছি।’
বাজারপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আকতার কামাল বলেন, ‘সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিতে পারছি না। এখন জোয়ারের পানি কমে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’
পাউবো টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, বেড়িবাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় বাঁধের বিভিন্ন অংশে ভেঙে গেছে। পানি নেমে না যাওয়া পর্যন্ত বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না।