বিকাশের এজেন্টের অবস্থা অপরিবর্তিত গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বিকাশের এজেন্ট কাদির মিয়া ও তাঁর ছোট ভাই মন্নান মিয়ার অবস্থা অপরিবর্তিত। গত পাঁচ দিন ধরে কাদির ও মন্নান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানায়, নবীনগর লঞ্চঘাটে অবস্থিত ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট কাদির ও মন্নান গত রোববার রাতে দোকান বন্ধ করে নগদ ৪০ হাজার টাকা নিয়ে উপজেলা সদরের হাসপাতালপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। বাসার একটু দূরে ওত পেতে থাকা তিন-চারজন ছিনতাইকারী দুই ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের কুমিল্লায় পাঠানো হয়। কাদিরের স্ত্রী রহিমা খাতুন মুঠোফোনে বলেন, ‘আমার স্বামীর অবস্থা এখনো সংকটাপন্ন। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে তাঁর বাম কানটি একেবারে কেটে গেছে।’ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।