বিকাশের এজেন্টের নয় লাখ টাকা ছিনতাই
রংপুরের কাউনিয়া উপজেলায় বিকাশের এক এজেন্টের নয় লাখ ২৬ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় উপজেলার হারাগাছের ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুরে বিকাশের এজেন্ট প্রাপ্তি এন্টারপ্রাইজের মালিক ও রংপুর মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম বলেন, গতকাল রংপুর থেকে তাঁর (রেজাউল) দুজন কর্মচারী মাইদুল হাসান ও ওবায়দুল্লাহ টাকা নিয়ে প্রতিষ্ঠানের হারাগাছ শাখায় যাচ্ছিলেন। হারাগাছের ছোটপুল এলাকায় একদল দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। পরে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে নয় লাখ ২৬ হাজার টাকা নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কাউনিয়া থানার পুলিশের তৎপরতা না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারে ওই এলাকা ও আশপাশে পুলিশ অভিযান শুরু করেছে।