বিকাশের টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র
বগুড়ার দুপচাঁচিয়ায় মুঠোফোনে ভুয়া খুদে বার্তা পাঠিয়ে মুঠোফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের কয়েকজন এজেন্টের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। গত কয়েক দিনে এ ঘটনা ঘটেছে।
এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকটি বিকাশ এজেন্টের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল করে বলা হয়, ‘আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালাম। আমার লোক এসে টাকা নিয়ে যাবে।’ এরপর বিকাশের অবিকল খুদে বার্তায় (ম্যাসেজ) ওই এজেন্টের মুঠোফোনে টাকার পরিমাণ আসে। খুদে বার্তা মোতাবেক ওই লোকের প্রতিনিধি এসে এজেন্টের কাছে পরিচয় দিয়ে টাকা তুলে নেয়। পরে ওই এজেন্ট তাঁর ব্যালেন্স চেক করে দেখেন তাঁর হিসাবে বার্তার কোনো টাকা আসেনি।
উপজেলা সদরের এস এম পত্রিকা ঘরের মালিক ও বিকাশ এজেন্ট মাসুদ রানা বলেন, ‘মুঠোফোনে ম্যাসেজ দেখে বোঝার কোনো উপায় নেই, এটি ভুয়া। ব্যালেন্স চেক না করে এভাবে টাকা দিতে গিয়ে আমি ২০ হাজার টাকা খুইয়েছি।’
এ ছাড়া উপজেলা সদরের তমা ইন্টারন্যাশনালের ২৩ হাজার ৫০০ টাকা, আলম মোবাইল হাউসের ৪৭ হাজার টাকা ও জিয়ানগরের খলিশ্বর বাজারের মোহাম্মদ ফাহিমের ৪০ হাজার টাকা প্রতারক চক্র নিয়ে গেছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, কয়েক দিন আগে তমা ইন্টারন্যাশনালের কাছ থেকে একটা অভিযোগ পাওয়ার পর ওই মুঠোফোনের নম্বর ধরে টাকা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আর কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিকাশের অঞ্চল ব্যবস্থাপক (টিএম) আবু নাছের প্রথম আলোকে বলেন, ‘আমরা এজেন্ট দেওয়ার সময় প্রশিক্ষণ দিয়ে এসব ব্যাপারে সতর্ক করেছি। প্রতি মাসে এজেন্টদের লিখিত নির্দেশনায় এসব বলা হয়। তার পরও কেউ প্রতারণার শিকার হলে আমাদের করার কিছু নেই।’