বিকাশের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
বগুড়ার শেরপুর উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে বিকাশ অ্যাকাউন্টের জমা করা টাকা খুঁইয়েছেন দুজন। তাঁরা গত বৃহস্পতিবার রাতে শেরপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। এতে স্থানীয় এজেন্ট এবং সাধারণ অ্যাকাউন্টধারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শেরপুর পৌরশহরের দক্ষিণ সাহাপাড়ার হাবিবুর রহমান বলেন, তাঁর ব্যক্তিগত গ্রামীনফোন নম্বরে বিকাশ অ্যাকাউন্ট চালু ছিল। এতে জমা ছিল ১৮ হাজার ৪২৬ টাকা। প্রতারক চক্রের সদস্যরা গত বুধবার রাতে কোনো একটি কাস্টমার কেয়ার থেকে তাঁর সিমটি ‘রিপ্লেস’ করে। এরপর ওই রাতেই ১৭ টাকা রেখে বাকি সব টাকা তুলে নেয়। তিনি বুধবার রাত সোয়া ১০টা পর্যন্ত সিমটি ব্যবহার করেছেন। পরদিন বৃহস্পতিবার সকালে সিমটি নিষ্ক্রিয় দেখতে পান। সকাল সাড়ে নয়টায় তিনি স্থানীয় গ্রামীণফোন কাস্টমার কেয়ার থেকে সিমটি তুলেন। এ সময় তিনি জানতে পারেন, বুধবার রাতে কেউ তাঁর সিমটি ‘রিপ্লেস’ করে নিয়েছিল।
শেরপুর পৌরশহরের বারোদুয়ারি হাটখোলা এলাকার বিকাশের এজেন্ট গোলাম হোসেন বলেন, এ ধরনের টাকা লুটে নেওয়ার ঘটনায় বিকাশের স্থানীয় শত শত সাধারণ অ্যাকাউন্টধারী এবং এজেন্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।