বিকাশের প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনতাই
রাজধানীর মিরপুরে গতকাল মঙ্গলবার দুপুরে আবুল কালাম (৩০) নামের বিকাশের (মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান) এক প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হন কবির হোসেন (২২) নামের একজন ব্যক্তিগত গাড়িচালক। গুরুতর আহত আবুল কালাম ও কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাই হওয়া টাকার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিকাশের কর্মকর্তারা বলেছেন, টাকার পরিমাণ আট থেকে দশ লাখ হতে পারে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল বিকাশের বিভিন্ন কেন্দ্র থেকে কয়েক লাখ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে আবুল কালাম ব্র্যাক ব্যাংক মিরপুর বেগম রোকেয়া সরণি শাখায় জমা দিতে যাচ্ছিলেন। টাকাগুলো একটি ব্যাগে ছিল। সেনপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে গেলে মোটরসাইকেল আরোহী দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত হন আবুল কালাম। সাইফুর প্রথম আলোকে বলেন, টাকার পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আট থেকে দশ লাখ টাকা হতে পারে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, ঘটনার সময় পাশ দিয়ে চলে যাওয়া ব্যক্তিগত গাড়িচালক কবিরের চোয়ালেও একটি গুলি লাগলে তিনিও গুরুতর আহত হন।
কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।