বিকাশের প্রতিনিধির কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনতাই
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর-রামগোপালপুর সংযোগ সড়কের ভবানীপুর এলাকায় গতকাল শনিবার দুপুরে ব্র্যাক ব্যাংকের অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের এক প্রতিনিধির কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিকাশের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, বিকাশের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় প্রতিনিধি আবু সুফিয়ান (২৫) ও তাঁর সহকর্মী শামসুল হক (২৪) দুপুর সাড়ে ১২টার দিকে টাকা নিয়ে মোটরসাইকেলে রামগোপালপুর হয়ে গৌরীপুর যাচ্ছিলেন। ভবানীপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে চড়ে চারজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। পরে তাঁদের মারধর করে থলেসহ ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গৌরীপুর থানার ওসি মো. হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বিকাশের কর্মী শামসুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।