দেশ ক্রমেই মেধাশূন্য হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে মেধা পাচার। উচ্চশিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশের সুযোগ সৃষ্টি ও মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই মেধা পাচার রোধ করা সম্ভব।
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘উচ্চশিক্ষায় মেধাচর্চা ও মেধা পাচার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের কিছু ছবি নিয়ে ‘অক্সফোর্ড অব দ্য ইস্ট’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, ছাত্র-শিক্ষকের যে সম্পর্ক অতীতে ছিল, তা এখন আর নেই। পদ-পদবির লোভে শিক্ষকেরা সবকিছু ভুলে যাচ্ছেন। শুধু নিজের জন্য কাজ করছেন শিক্ষকেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, এখানে মেধাচর্চার যথাযথ পরিবেশ দেওয়া সম্ভব হয় না। প্রতিকূল পরিবেশেও যাঁরা মেধার স্বাক্ষর রাখছেন, তাঁদের দেশের কথা মাথায় রাখতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, মেধা সৃষ্টির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ ছিল, তা সম্ভব হয়নি। কেন হয়নি তা খতিয়ে দেখতে হবে। এর পরও যে মেধা আছে তা ধরে রাখার জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শিক্ষকেরাই মেধাচর্চার পরিবেশ সৃষ্টিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন। শিক্ষকেরা আইন লঙ্ঘন করলেও ব্যবস্থা নেওয়া হয় না।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন মাহফুজা খানম, সাইফুল ইসলাম খান, অজয় দাশগুপ্ত, মাহবুব জামান প্রমুখ।
‘জার্নি একাডেমিয়া’ নামে একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।