
মাগুরায় জমে উঠেছে ঈদের বাজার। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতও সরগরম।
শহরের সুপার মার্কেট, বেবি প্লাজা, নুরজাহান প্লাজা, কাজী টাওয়ার, খান প্লাজায় তৈরি পোশাকের প্রধান প্রধান দোকান রয়েছে। এ ছাড়া বিচ্ছিন্নভাবে জামে মসজিদ রোড, জমজম মার্কেট, সদর থানা ও পোস্ট অফিসের সামনে পৌর মার্কেট ও সৈয়দ আঁতর আলী সড়কে রয়েছে বেশ কিছু দোকান। সেখানে মধ্য আয়ের মানুষদের আনাগোনা বেশি। থানা ও পোস্ট অফিসের সামনের দোকানগুলোতে নিম্ন আয়ের ক্রেতাদের ভিড় বেশি। শহরের জুতাপট্টির জুতা-স্যান্ডেলের দোকানগুলোতেও ভিড় জমে ক্রেতাদের।
গত শুক্রবার সুপার মার্কেটের লিখন গার্মেন্টসের মালিক সৈয়দ ফজলুল ইকবাল প্রথম আলোকে বলেন, বিক্রি খুবই ভালো। পনেরো রোজার পর মূলত বিক্রি বেড়েছে। এখন দম ফেলার সময় নেই। তৈরি পোশাকের প্রায় সবই ভারতীয়।
কয়েকজন দোকানি বলেন, এবার নতুন নামের কয়েকটি শাড়ি, পোশাক ও স্যান্ডেল ঈদ বাজারে এসেছে। বিক্রিও হচ্ছে বেশ। এর মধ্যে মেয়েদের বাহুবলী-২ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে চার হাজার টাকায়। পাঞ্জু দুই থেকে আড়াই হাজার টাকায়। লেহেঙ্গা দুই থেকে তিন হাজার টাকায়। ছেলেদের প্যান্ট বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকায়।
সুপার মার্কেটে পোশাক কিনতে আসা জান্নাতুল ফেরদৌসী বলেন, তিনি নিজের এবং মামাতো ও খালাতো তিন বোনের জন্য তিনটি পোশাক কিনেছেন। পোশাক তিনটি পছন্দও হয়েছে। তবে গত বছরের তুলনায় দাম একটু বেশি।
আরেক ক্রেতা তুহিন রহমান বলেন, ‘বাচ্চার পোশাক কিনছি। দাম ভালোই।’
এই বিপণিবিতানের বিদ্যুৎ গার্মেন্টসের মালিক ওহিদুল ইসলাম বলেন, ‘গত বছর ৭ হাজার টাকা ভ্যাট দিয়েছি। এবার সেটা ১৪ হাজার হয়েছে। স্বাভাবিকভাবেই পণ্যের দামের ওপর প্রভাব পড়ছে। তবে তারপরও আমরা বেশি নিচ্ছি না। চেষ্টা করছি আগের দামেই থাকার।’
সৈয়দ আঁতর আলী সড়কে ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক তাপস বিশ্বাস বলেন, যাঁরা একটু বেশি দাম দিয়ে ভালো শাড়ি কিনতে চাচ্ছেন, তাঁদের জন্য এবার এসেছে গুজরাট সিল্ক চার থেকে ছয় হাজার টাকা, সাউথ কাতান দুই হাজার থেকে আট হাজার টাকা, টাঙ্গাইল সিল্ক কাতান ছয় হাজার থেকে নয় হাজার টাকা। এ ছাড়া রয়েছে বাহারি নামের নতুন শাড়ি।
ছোট-বড় সবার জন্যই এবার নানা রঙের ও নামের স্যান্ডেল বাজারে এসেছে। ক্রেতাদের নজরও সেগুলোর দিকে। জুতাপট্টির নাইট শুজের মালিক সৈয়দ জুলফিকার আলী বলেন, ছেলেদের জন্য এবার বাজারে এসেছে দুটি বিশেষ স্যান্ডেল। নাম বাহুবলী-২ ও বস-টু। দাম ৮৫০ থেকে ১৬০০ টাকা। মেয়েদের স্যান্ডেলের মধ্যে রাখিবন্ধন ও মায়া রাধা নতুন। দাম ৫৫০ থেকে ৯৫০ টাকা। শিশুদের জন্য এসেছে কুমার গানওয়ালা ও পটন। দাম ৩৫০ থেকে ৫২০ টাকা।
শহরের সৈয়দ আঁতর আলী সড়কে প্রসাধনসামগ্রীর অনন্ত ২০-২৫টি দোকান রয়েছে। এখানেও ক্রেতার কমতি নেই। আর দরজিদের দম ফেলার ফুরসত নেই। দিনরাত কাজ করছেন। তবে দোকানগুলোর অধিকাংশই নতুন করে কাপড়ের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে।
সৈয়দ আঁতর আলী সড়কের উৎসব বস্ত্রালয়ের মালিক মিজানুর রহমান বলেন, ‘দেশি ও ভারতীয় দুটোই আছে। দাম ১ হাজার ২০০ থেকে ৫ হাজার টাকা। এবার বিক্রি অনেক ভালো। এরই মধ্যে কাপড় তৈরির অর্ডার নিচ্ছি না।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ঈদে কেনাকাটা নির্বিঘ্ন করতে নিরাপত্তাসহ পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।